২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারি জুড়ে ডিএসইতে ভালো মানের শেয়ারের দাম বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জানুয়ারি মাসে ব্যাংক, বিদ্যুৎ কোম্পানি, মিউচুয়াল ফান্ডসহ বিভিন্ন প্রক্রিয়াজাতকরণ কোম্পানির ভালো মানের শেয়ারের (ব্লু চিপ) দাম চোখে পড়ার মতো বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 07:52 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দাম বাড়ার ক্ষেত্রে ‘এ’ ক্যাটাগরির ভালো মানের শেয়ার পরিমাণ ছিল ৭০শতাংশ। অন্যদিকে লোকসানের দিক থেকে ৭৩ শতাংশই ছিল ‘জেড’ ক্যাটাগরি (নিয়ম করে বার্ষিক বৈঠক হয় না এমন প্রতিষ্ঠান) এর শেয়ার। 

সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, “প্রতিটি শেয়ারের দামের ওঠানামা আমরা পর্যবেক্ষণ করছি। সাম্প্রতিক সময়ে ভালো মানের কিছু শেয়ারের দাম বেড়েছে। তবে দাম বাড়ার দিক থেকে ‘এ’ ক্যাটাগরির শেয়ার বাকিগুলোকে ছাড়িয়ে গেছে।”

এসইসির তথ্য অনুসারে জানুয়ারির ৩ তারিখ থেকে ৩১ তারিখের মধ্যে ১৩৬টি কোম্পানির ‘এ’ ক্যাটাগরির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১৭টির।

এগুলোর মধ্যে মাত্র ১০টি শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত থাকে তিনটির দাম। বাকি ছয়টির লেনদেন হয়নি।

পাঁচ শতাংশের কম লভ্যাংশ না দেওয়া ‘বি’ ক্যাটাগরির ১৮টি শেয়ারের দাম জানুয়ারি মাসে বেড়েছে। দাম কমেছে ছয়টির, চারটির লেনদেন হয়নি।

এসইসির উপাত্তে দেখা গেছে ‘জি’ ক্যাটাগরি এবং নতুন নিবন্ধিত ‘এন’ ক্যাটাগরির মাত্র একটি দাম কমেছে জানুয়ারিতে। বেড়েছে বাকি সবগুলোর দামই।

অন্যদিকে, সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার। এসব শেয়ারের মধ্যে দাম বাড়ে ৩০টির, কমে ৪৮টির। নয়টি শেয়ারের দাম অপরিবর্তীত ছিল। জানুয়ারিতে ‘জেড’ ক্যাটাগরির ১২টি শেয়ারের লেনদেন হয়নি।

ডিএসই প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, ভালো মানের শেয়ারের দাম বাড়ার পেছনে রয়েছে বিনিয়োগকারীদের সচেতনতা। তিনি জানান ‘জেড’ ক্যাটাগরি ছাড়া বাকি সবগুলো ক্যাটাগরির শেয়ারের মধ্যে আর্থিক সমন্বয় করায় ভালো মানের শেয়ারের ওপর বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে।

খারাপ মানের কিছু শেয়ারের দাম বাড়ার প্রসঙ্গে তিনি বলেন, দাম কম থাকায় এটি হয়েছে। তবে রূপালী ব্যাংক, ইউসিবিএল ও আইএফআইসি ব্যাংকের শেয়ার ছাড়া এ ধরনের বাকি সব শেয়ারের লেনদেন মেন তাৎপর্যপূর্ণ নয়।

জানুয়ারিতে লাভের দিক থেকে শীর্ষে ছিল ব্রাক ব্যাংক, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রামীণ১ মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড ইন্সুরেন্স লিমিটেড, আইসিবি ইসলামী মিউচুয়াল ফান্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ও প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ডের শেয়ার।

ব্রাক ব্যাংক, এইমস ও গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম যথাক্রমে ২১২ দশমিক ৬৫, ১৪২ দশমিক ২১ ও ১০৪ শতাংশ বেড়েছে।

অন্য মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও বেড়েছে জানুয়ারি মাসে। ১০ ভাগ লভ্যাংশের ঘোষণার ফলে এটি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এইমস অফ বাংলাদেশের প্রধান নির্বাহী ইওয়ার সাঈদ এর আগে কে জানিয়েছিলেন, মিউচুয়াল ফান্ডগুলো তাদের প্রথমিক শেয়ারে ১০ ভাগ লভ্যাংশের ঘোষণা দেওয়ায় সেগুলোর দাম বাড়ছে।

তিনি আরো জানান, বিনিয়োগকারীদের আস্থার কারণে বিদ্যুৎ কোম্পানিগুলোর শেয়ারের দামও বেড়েছে।

জানুয়ারিতে লোকসানের মুখে পড়া কোম্পানিগুলোর কয়েকটি হলো-ঈগল স্টার (২৮ দশমিক ৪৭ শতাংশ), অরিয়ন ইনফিউশনস (২২ দশমিক ৯৮ শতাংশ), থেরাপিউটিক বাংলাদেশ (১৮ দশমিক ৮৪ শতাংশ), আমাম সি ফুড (১৭ দশমিক ৫৬ শতাংশ), গালফ ফুড (১৬ দশমিক ৪৮ শতাংশ) ও বাংলাদেশ লাগেজ (১৬ দশমিক ২২ শতাংশ)।