বিমানের বকেয়া আদায়ে বিপিসির প্রস্তাব!
জেট ফুয়েলের বকেয়া আদায়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বার্ষিক বাজেট থেকে টাকা কেটে নেওয়ার উদ্যোগ নিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
জ্বালানি সচিব এ এম এম নাসির উদ্দিন শুক্রবার নফহবংি২৪.পড়স কে তাদের এই উদ্যোগের কথা জানান।
নাসির উদ্দিন জানান, বাকিতে জ্বালানি তেল নেওয়ায় বিমানের কাছে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বকেয়ার পরিমাণ প্রায় ১ হাজার ৫৬৪ কোটি টাকা। জ্বালানি মন্ত্রণালয় বিমানের বার্ষিক বাজেট থেকে বছর বছর ওই টাকা কেটে তা বিপিসিকে দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে। প্রস্তাবনাটি এখন উচ্চ পর্যায়ের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত বকেয়া শোধ না করায় বিপিসির পক্ষ থেকে এর আগে একাধিকবার বিমানকে তেল সরবরাহ বন্ধ করার হুমকি দেওয়া হয়। পরে দু’পক্ষের সমঝোতার ভিত্তিতে বিমান আবার বাকিতে বিপিসির কাছ থেকেই তেল নিচ্ছে।
এদিকে বিমান এবং জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে বকেয়া টাকার পরিমাণ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। বিমানের হিসেবে বিপিসির কাছে তাদের বকেয়া প্রায় ৮০০ কোটি টাকা। অন্যদিকে বিপিসির হিসেবে এই বকেয়ার পরিমাণ এর দ্বিগুণ।
এ বিষয়ে জ্বালানি সচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিমানের নিজেদের হিসেবেই ৮০০ কোটি টাকা দূরের কথা গত অর্থ বছরে আট কোটি টাকাও তারা শোধ করেনি বিপিসিকে। কাজেই বকেয়ার পরিমাণ কতো -- এটি এখন মুখ্য নয়।”
বিপিসির টাকা শোধের ব্যাপারে বিমান কী ভাবছে -- জানতে চাওয়া হলে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন নিজেদের অসহায়ত্ব স্বীকার করে নফহবংি২৪.পড়স কে বলেছেন, “লোকসানি প্রতিষ্ঠান বিমানের পক্ষে এ মুহূর্তে বিপিসির বিপুল পরিমাণ বকেয়া শোধ করা আদৌ সম্ভব নয়। তাছাড়া সরকারি সংস্থা হিসেবে বিপিসি বিমানকে কোনো ভর্তুকিও দেয় না।”
তিনি বলেন, “আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম প্রতি লিটার ৫১ সেন্ট (মার্কিন ডলার) হলেও আমদানি করসহ বিমানের কাছে ৬৪ সেন্ট দরে বিক্রি করছে বিপিসি। তার ওপর আগের বকেয়া শোধ না হতেই তারা বিমানকে আবারও বাকিতে তেল সরবরাহ করছে। বিপিসি এ দেশে একচেটিয়া জেট ফুয়েলের ব্যবসা করায় এর বিকল্প কোনো পথও আমাদের কাছে নেই।”
তবে বিকল্প হিসেবে বিপিসিকে বাদ দিয়েই বিদেশ থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বিমান। এরই অংশ হিসেবে বিমান কর্তৃপক্ষ এক বছরের চুক্তিতে হংকং বিমানবন্দর থেকে নগদে ১৬ লাখ গ্যালন এবং ম্যানচেস্টার বিমানবন্দর থেকে আরো ৭০ লাখ গ্যালন জেট ফুয়েল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র ডেকেছে।
১৭ জানুয়ারি ছিল দরপত্র দুটি জমা দেওয়ার শেষ সময়। বিমান কর্তৃপক্ষ আগ্রহী দরদাতা সংস্থাগুলোকে গত ৩১ জানুয়ারির মধ্যে ঢাকায় এসে চূড়ান্ত সমঝোতা করার অনুরোধ করে।
বিমান সূত্র জানিয়েছে, এরই মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ওই দরপত্রে সাড়া দিয়ে বিমানকে তেল সরবরাহ করতে আগ্রহ দেখিয়েছে।
তবে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক এম এ মোমেন এ নিয়ে বিস্তারিত কিছু না জানিয়ে বলেন, “আন্তর্জাতিক মুদ্রায় সরাসরি হংকং ও ম্যানচেস্টার বিমানবন্দর থেকে তেল কিনলে তা বিমানের জন্য কতোটুকু সাশ্রয়ী হবে, আমরা তা যাচাই করে দেখছি মাত্র।”
তিনি আরও বলেছেন, “বিকল্প ব্যবস্থা হিসেবে কিছুদিন আগে আন্তঃ মন্ত্রণালয়ের সভায় চাহিদার তুলনায় বিপিসি যেনো বিমানকে ২৫ ভাগ তেল কম সরবরাহ করে সেজন্য বিমানের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল। সেক্ষেত্রে বিমান ওই ২৫ ভাগ তেল সুলভে বিদেশ থেকে কিনতে পারতো। কিন্তু পরে এটি আর সিদ্ধান্তে পরিণত হয়নি।”
প্রসঙ্গত বিপিসি প্রতিবছর প্রায় আড়াই লাখ গ্যালন জ্বালানি তেল আমদানি করে, যার প্রধান ক্রেতা বাংলাদেশ বিমান।
এছাড়া ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সগুলো বিপিসির কাছ থেকে নগদে জ্বালানি তেল কেনে।
জাতীয় পতাকাবাহী বিমান পাঁচটি ডিসি -- ১০, চারটি এয়ারবাস এবং চারটি এফ -- ২৮ উড়োজাহাজ দিয়ে ২২টি আন্তর্জাতিক ও ৫ টি অভ্যন্তরীণ গন্তব্যে যাত্রী পরিবহন করছে।
