খেলাপি ঋণ উদ্ধারে কঠোর নীতিমালা হচ্ছে: অর্থ উপদেষ্টা
খেলাপি ঋণ উদ্ধারে কঠোর নীতি প্রণয়ন করবে সরকার। একথা জানিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোকে খেলাপি ঋণ উদ্ধারে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
ঢাকায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, “খেলাপি ঋণ উদ্ধারে প্রয়োজনে আইনের কঠোর প্রয়োগ করতে হবে।”
সরকারি ব্যাংক কর্মকর্তারা ঋণ দেওয়ার আগে প্রস্তাবিত প্রকল্পের উপাত্তগুলো খুঁটিয়ে দেখেন না বলে উপদেষ্টা তাদের সমালোচনা করেন।
প্রতিযোগিতামূলক বাজারে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলো যাতে অবস্থান ফিরে পায়, সেজন্য গ্রাহকসেবার মান আরো বাড়াতে কর্মকর্তাদের তিনি নির্দেশ দেন।
