২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরের দোড়গোড়ায় পৌঁছে পুঁজিবাজার চাঙা

নতুন বছর শুরুর দ্বারপ্রান্তে পৌঁছে চাঙাভাব ফিরে এসেছে পুঁজিবাজারে। বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের কারণে রোববার বাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী। বছরের শেষ দিন ব্যাংকগুলো বন্ধ থাকায় শেয়ার বাজারেও সোমবার লেনদেন হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 02:16 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন বছর শুরুর দ্বারপ্রান্তে পৌঁছে চাঙাভাব ফিরে এসেছে পুঁজিবাজারে। বিদ্যুৎ, ব্যাংক, ওষুধ ও সিমেন্ট খাতের শেয়ার লেনদেনের কারণে রোববার বাজারের সূচক ছিল ঊর্ধ্বমুখী। বছরের শেষ দিন ব্যাংকগুলো বন্ধ থাকায় শেয়ার বাজারেও সোমবার লেনদেন হবে না। এইমস বাংলাদেশের প্রধান নির্বাহী ইয়াওয়ের সাইদ বলেন, "বছরের শেষে সাধারণত ব্যাংকগুলোই বিনিয়োগের তালিকার শীর্ষে অবস্থান করে। তবে রোববার ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ারের লেনদেনও ভালো ছিল। স্কয়ার ফার্মা রাইট শেয়ার ঘোষণা করতে পারে এমন গুঞ্জনে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে।" পুঁজি বাজারের জন্য ২০০৭ কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, "এ বছর বাজার মূলধন বেড়েছে ১৩৯ শতাংশ। এই হিসাবে একটা ভালো বছর পার করেছে শেয়ার বাজার। বিনিয়োগকারীরাও সন্তুষ্ট।" দিনের শুরুতে ঢাকার শেয়ার বাজারের সূচক ঊর্ধ্বমুখী হলেও মাঝামাঝিতে তা নেমে যায়। দিনের শেষভাগে আবার গতি ফিরে আসে বাজারে। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৩ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ বেড়ে ৩০১৭ দশমিক ২১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৭২ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ বেড়ে হয়েছে ২৫৩৫ দশমিক ৯৬ পয়েন্ট। ডিএসই- ২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩০ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ২২ শতাংশ বেড়ে ২৪৮৫ দশমিক ৮৬ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩১ কোটি টাকার ৫৭ লাখ ৭৫ হাজার ৭৬১টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ৩৬৮২ টাকা। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৬৮২ টাকা ৫০ পয়সা হয়। ডিএসই'র ওয়েব সাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় পহেলা জানুয়ারি কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এদিকে, আটকে থাকা বার্ষিক সাধারণ সভার সময়সূচি ঘোষণা করায় ইউসিবিএল এর শেয়ারের দাম বেড়েছে। এছাড়া, ন্যাশনাল ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৪২০৩ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। তবে ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৩ শতাংশ কমে হয়েছে ১৬১২ টাকা। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে প্রাইম ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল ওয়াটা কেমিক্যালস, পারফিউম কেমিক্যালস, গাচিহাটা অ্যাকুয়া কালচার, স্ট্যান্ডার্ড সিরামিক ও রহমান কেমিক্যালস। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল রোজ হ্যাভেন বলপেন, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, রাঙ্গামাটি ফুডস, রংপুর ফাউন্ড্রি ও প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড । প্রিন্টিং, সিমেন্ট ও ওষুধ খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ১৯ কোটি ৫১ লাখ ৫ হাজার টাকার ১৩ লাখ ২৯ হাজার ৭৬০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৮টির দাম কমেছে এবং সাতটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ বেড়ে ৭৬৫৭ দশমিক ০৫ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২০ দশমিক ০৯ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ৪৯২১ দশমিক ২৫ পয়েন্ট। এছাড়া সিএসই- ৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৯ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৫৬ শতাংশ বেড়ে ৬৯৩৫ দশমিক ৪৯ পয়েন্ট হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসএনডি/২০০৯ ঘ.