ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদেশগামী শ্রমিকদের দ্রুত পাঠাতে 'ওপেন স্কাই পলিসি'র সময়সীমা আরও তিন মাস বাড়ানোর দাবি জানিয়েছে মালয়েশীয় বিমান পরিবহন সংস্থা এয়ার এশিয়া এক্স।
বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সংস্থাটির কর্মকর্তারা এই দাবির কথা তুলে ধরেন। এতে উপস্থিত ছিলেন সংস্থাটির কর্মকর্তা গুনা শেখর, নোমান চৌধুরী ও গণমাধ্যম সমন্বয়ক রফিক হাসান প্রমুখ।
মতবিনিময় সভায় জানানো হয়, ভিসা থাকার পরও মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যগামী বহু সংখ্যক বাংলাদেশী শ্রমিক ফ্লাইট সঙ্কটের কারণে দেশে আটকা পড়েন। সঙ্কট কাটাতে বাংলাদেশ সরকার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাস ওপেন স্কাই পলিসি গ্রহণ করে। এ সুযোগ নিয়ে জিএমজি এয়ারলাইন্স, এয়ার এশিয়া এক্স, এয়ার অ্যারাবিয়া ও রাক এয়ারওয়েজ তাদের ফ্লাইট সংখ্যা বাড়িয়ে দেশ থেকে শ্রমিক পরিবহন শুরু করে।
সভায় আরো জানানো হয়, মালয়েশিয়াগামী প্রায় পাঁচ লাখ শ্রমিকের মধ্যে এয়ার এশিয়া এক্স প্রায় তিন লাখ শ্রমিককে কুয়ালালামপুর পৌঁছে দিয়েছে। কিন্তু আরও প্রায় দুই লাখ মালয়েশিয়াগামী এবং প্রায় এক লাখ দুবাইগামী শ্রমিক এখনও যেতে পারেননি।
এদিকে আগামী ৩১ ডিসেম্বর ওপেন স্কাই নীতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এ অবস্থায় আগামী মার্চ পর্যন্ত এ সুযোগের মেয়াদ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান সংস্থাটির কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/টিএইচ/জেকে/এমএ/১৭৪০ঘ.
bdnews24