ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিদুর্গত এলাকায় কম সুদে চারশ' কোটি টাকার কৃষিঋণ বিতরণের ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক এন এ। ক্ষতিগ্রস্ত এলাকার ভেঙে পড়া অর্থনীতি চাঙা করতে এনজিওদের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে।
দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত শিক্ষা-প্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও মেরামত কাজেও অর্থ সহায়তা দেবে ব্যাংকটি।
বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশে সিটি গ্র"পের আবাসিক কর্মকর্তা মামুন রশীদ এ তথ্য জানান।
মামুন রশীদ বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে সিডর আক্রান্ত এলাকায় ব্যাংকের পক্ষ থেকে পুনর্বাসন কাজ শুরু করা হবে। প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকার অর্থনীতি সচল করতে চারটি বড় এনজিওর মাধ্যমে চারশ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করা হবে। খুবই কম সুদে এনজিওদের এ ঋণ দেয়া হবে। এছাড়া, পরবর্তী পর্যায়ে ক্ষতিগ্রস্ত শিক্ষা-প্রতিষ্ঠান পুনঃনির্মান ও মেরামতের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে।
সারাবিশ্বের সিটি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে পাওয়া অনুদানের টাকায় শিক্ষা-প্রতিষ্ঠান পুনঃনির্মাণ ও মেরামতের কাজ হবে বলে তিনি জানান।
মামুন রশীদ বলেন, দুর্গত এলাকায় এরই মধ্যে তারা কয়েকটি এনজিওর মাধ্যমে একশ কোটি টাকার বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এসকে/১৮৫০ঘ.
bdnews24