২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির শেষে প্রথম দিনই পুঁজিবাজার চাঙা

ঈদ ও বড় দিনের ছয় দিনের ছুটি শেষে বুধবার ঢাকার পুঁজিবাজার চাঙাভাবেই শেষ করেছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন। এদিন বাজারের সাধারণ মূল্যসূচক তিন হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ ও বড় দিনের ছয় দিনের ছুটি শেষে বুধবার ঢাকার পুঁজিবাজার চাঙাভাবেই শেষ করেছে সপ্তাহের প্রথম দিনের লেনদেন। এদিন বাজারের সাধারণ মূল্যসূচক তিন হাজার পয়েন্টের ঘর অতিক্রম করে। এআইএমএস এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বছরের শেষ মুহূর্তে ব্যাংকিং খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এর কারণ, ব্যাংকগুলো ঋণ দিতে শুরু করেছে, কিছুদিনের মধ্যে মুনাফাও ঘোষণা করা হবে। ব্যাংকগুলোর যে ভালো ব্যবসা হচ্ছে তাই এতে প্রতীয়মান হয়।" সূচকের ঊর্ধ্বগতি বাজার স্থিতিশীল থাকার সাক্ষ্য বহন করে বলেও জানান ইওয়ার সাঈদ। দিনের শুরুতে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে বাজারে লেনদেন শুরু হলেও ঘণ্টাখানেক পরই সূচক পড়তে শুরু করে। তবে মাঝ বেলায় এসে আবারো ঘুরে দাঁড়ায় সূচক এবং শেষমেশ ইতিবাচক অবস্থানে থেকেই বাজারে দিনের লেনদেনে ইতি ঘটে। বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে তিন দশমিক ৮৬ পয়েন্ট বা দশমিক ১২ পয়েন্ট বেড়ে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক হয় তিন হাজার ২৮ দশমিক ৬৬ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক দশমিক ৭১ পয়েন্ট বা দশমিক ০২ শতাংশ বেড়ে দুই হাজার ৫৪৬ দশমিক ৭০ পয়েন্টে দাঁড়ায়। এ ছাড়া ৩২ দশমিক ২১ পয়েন্ট বা এক দশমিক ৩২ শতাংশ বেড়ে ডিএসই-২০ ব্লু চিপ মূল্যসূচক হয় দুই হাজার ৪৫৯ দশমিক ২৬ পয়েন্ট। সারাদিনে মোট লেনদেন হয়েছে ১২০ কোটি টাকার ৩৮ লাখ ৭৫ হাজার ২৯৫টি শেয়ার। মোট ২২৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ৯৯টির এবং ১৮টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। লেনদেনের তালিকায় প্রথম ১০ কোম্পানির মধ্যে শীর্ষে ছিল ইউসিবিএল এর শেয়ার। এ ব্যাংকটির শেয়ার আগের দিনের তুলনায় ছয় দশমিক ১৯ শতাংশ বেড়ে বুধবার হয় চার হাজার ৪৫৩ টাকা ৭৫ পয়সা। দ্বিতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের শেয়ারের দাম তিন দশমিক ৯৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৩১ টাকায়। ওষুধ কোম্পানির শেয়ারের মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারের দাম দুই দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয় তিন হাজার ৪৮৬ টাকা। তবে দাম কমে গেছে ব্র্যাক ব্যাংকের শেয়ারের। এ ব্যাংকটির শেয়ারের দাম বুধবার দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ৬২৮ টাকা ২৫ পয়সায় সর্বশেষ লেনদেন হয়। এ ছাড়া এনবিএল এর শেয়ারের দাম দশমিক ২৪ শতাংশ কমে দাঁড়ায় এক হাজার ৪৫৩ টাকা ৭৫ পয়সায়। দাম বাড়ার খাতায় ঢাকা ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের শেয়ারের নাম থাকলেও কমেছে বিদ্যুৎ খাতের কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও সামিট পাওয়ারের শেয়ারের দাম। শীর্ষ ১০ লাভজনক কোম্পানির মধ্যে ছিল বিডি অটোকারস্, আজিজ পাইপস, বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম, লেক্সকো ও এক্সেলসিওর শুজ এর শেয়ার। অন্যদিকে, ক্ষতির তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ছিল মেটালেক্স করপোরেশন, টাল্লু স্পিনিং, শাইনপুকুর হোল্ডিংস, ইউসিবিএল ও রাঙামাটি ফুড এর শেয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৮০০ঘ.