ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তপন চৌধুরী বলেছেন, দেশ বেসারকারি বিদ্যুৎ উৎপাদকদের ওপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছে। এ কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে।
সোমবার সাভারের আশুলিয়ায় সামিট পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্রের মোট ৩৫ মেগাওয়াট ক্ষমতার নতুন চারটি ইউনিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ কথা বলেন।
তপন চৌধুরী বলেন, "বেসরকারি খাতে অনেক বড় বড় কাজ সম্ভব। সব কিছুর জন্য বিদেশিদের দিকে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। দেশের উদোক্তরা প্রমাণ করেছেন যে ছোট আকারে হলেও কাজ করা সম্ভব।"
তিনি আরো বলেন, "তবে দুশ্চিন্তার বিষয় হলো আমরা বিদ্যুতের জন্য বেরসরকারি খাতের ওপর অতি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি। এ জন্য এ খাতে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বমূলক উদ্যোগ প্রয়োজন।"
বিদ্যুৎ সচিব ড. এম ফাওজুল কবীর খান বলেন, ক্ষুদ্র ও ভাড়ার ভিত্তিতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে ৪৫০ থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সরকারি ও বেসরকারি খাতে এ ধরনের উদ্যোগকে এগিয়ে নিতে হবে।
সামিটের আশুলিয়া বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ মেগাওয়াটসহ দেশে বর্তমানে বেসরকারি ও মিশ্র খাতে মোট ১৪১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
২০০৬ সালের মার্চ মাসে ৩৫ মেগাওয়াটের চারটি ইউনিট স্থাপনের জন্য সামিটের সঙ্গে চুক্তি করে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি)। অক্টোবর থেকে শুরু হয় নির্মাণ কাজ। চারটি নতুন ইউনিট স্থাপনে ব্যায় হয় ১৩৫ কোটি টাকা।
আশুলিয়ায় উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে ঢাকা পল্লী বিদ্যুতায়ন বোর্ডে (আরইবি)। বোর্ড সামিটের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ২ টাকা ৩৬ পয়সা দামে কিনে নেবে।
অনুষ্ঠানে জানানো হয়, আরইবি এ ধরনের আরও ৬টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য চুক্তি করেছে। এসব কেন্দ্র থেকে মোট ১২১ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সামিট গ্র"পের পরিচালক আয়েশা আজিজ, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মো. হাবিবুল্লাহ মজুমদার ও সামিট গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক তওহীদুল ইসলাম। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমাডেন্ট মেজর জেনারেল আবদুল ওয়াদুদ ভূঁইয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/০০২৪ ঘ.
bdnews24