ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কোরবানির পশুর চামড়া কেনার জন্য সরকারি মালিকানাধীন তিনটি বাণিজ্যিক ব্যাংক এবার ৩৩৬ কোটি টাকা ঋণ দেবে। এর মধ্যে জনতা ব্যাংক দেবে ১৬৩ কোটি টাকা, অগ্রণী ১২৫ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৪৮ কোটি টাকা ঋণ দেবে।
মঙ্গল ও বুধবারের মধ্যে এ ঋণ বিতরণের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সোমবার ওই তিন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে চামড়া কেনার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় ঋণ দেয়ার নির্দেশ দেন।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৈঠকে তিন ব্যাংকের কর্মকর্তারা চামড়া খাতে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা লিখিতভাবে গভর্নরকে জানান।
সে অনুযায়ী এবছর জনতা ব্যাংক ১৬৩ কোটি টাকা, অগ্রণী ১২৫ কোটি টাকা ও সোনালী ব্যাংক ৪৮ কোটি টাকা চামড়া কেনার জন্য ঋণ হিসেবে ব্যবসায়ীদের দেবে। মঙ্গল ও বুধবারের মধ্যে এই ঋণ বিতরণের কাজ সম্পন্ন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
তিন ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর গভর্নর সাংবাদিকদের বলেন, "প্রতিবারের মতো এবারও ব্যাংকগুলো কোরবানির চামড়া কেনার জন্য ঋণ দেবে। কারা কত টাকা ঋণ দেবে তা ব্যাংকগুলোই ঠিক করবে।"
সোমবার রাতে জনতা ব্যাংকের বোর্ড সভায় কোরবানির চামড়া কেনার জন্য ১৬৩ কোটি টাকা ঋণ দেয়ার প্রস্তাবটি অনুমোদন করা হয়। গতবার ব্যাংকটি এই খাতে ১৪০ কোটি টাকা ঋণ দিয়েছিল।
বোর্ড সভা শেষে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখতার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের চামড়া শিল্পের বিকাশের স্বার্থে এবার আমরা ১৬৩ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মঙ্গল ও বুধবারের মধ্যে ব্যবসায়ীরা এ ঋণ পাবেন বলে আশা করা যায়।"
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০০৬-০৭ অর্থবছরে চামড়া রপ্তানি খাতে আয় ছিল আড়াই হাজার কোটি টাকার বেশি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/০০১১ ঘ.
bdnews24