২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যূনতম মজুরি বাস্তবায়ন মাত্র ২৮ শতাংশ পোশাক কারখানায়: সমীক্ষা

দেশের মাত্র ২৮ শতাংশ পোশাক কারখানায় ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। বেসরকারি সংস্থা নাগরিক সংহতি পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 03:44 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দেশের মাত্র ২৮ শতাংশ পোশাক কারখানায় ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। বেসরকারি সংস্থা নাগরিক সংহতি পরিচালিত এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সোমবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমীক্ষা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, চলতি বছরের আগষ্ট পর্যন্ত সময়ে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের এক হাজার পোশাক কারখানার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ন্যায্য মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলনের পর ত্রি-পক্ষীয় চুক্তির (সরকার, মালিক ও শ্রমিক) মাধ্যমে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা হয়। এই কাঠামো অনুযায়ী, একজন পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি হচ্ছে ১৬৬২ টাকা ৫০ পয়সা। সরকার ২০০৭ এর ৩০ জুনের মধ্যে এই কাঠামো বাস্তবায়নের সময় বেঁধে দিলেও পরিস্থিতি খুব সামান্যই বদলেছে। সমীক্ষায় দেখা গেছে, এক হাজার পোশাক কারখানার মধ্যে মাত্র ২৮ শতাংশ অর্থাৎ ২৫২টি কারখানার শ্রমিকদের ন্যূনতম কাঠামো অনুযায়ী মজুরি দেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব কারখানার একশ ভাগ শ্রমিক নির্ধারিত কাঠামো অনুযায়ী মজুরি পাচ্ছে কেবল সেসব কারখানাতেই ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়িত হয়েছে বলে গণ্য করা হয়েছে এই সমীক্ষায়। এই হিসেবে ৭২ শতাংশ কারখানায় চলতি বছরের আগস্ট পর্যন্ত ত্রি-পক্ষীয় চুক্তি বাস্তবায়িত হয়নি। তবে এর মধ্যে ৩৪ শতাংশ কারখানায় ন্যূনতম মজুরি কাঠামোর আংশিক বাস্তবায়ন হয়েছে। আর ৩৯ শতাংশ কারখানায় এই কাঠামো একেবারেই অনুসরণ করা হচ্ছে না। প্রতিবেদনে আরো বলা হয়, ৯০ দশমিক ৪ শতাংশ কারখানায় শ্রমিকদের আট ঘণ্টার বেশি সময় কাজ করতে হয়। ৭৫ দশমিক ৭ শতাংশ কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হয়নি, ৪২ দশমিক ২ শতাংশ কারখানায় শ্রমিকদের পরিচয়পত্রও দেওয়া হয়নি। ৩ দশমিক ৬ শতাংশ কারখানায় সাপ্তাহিক ছুটিও দেওয়া হয় না, ২১ দশকি ৯ শতাংশ কারখানায় দেওয়া হয় অনিয়মিতভাবে। যে এক হাজার কারখানায় জরিপ চালানো হয়েছে তার মধ্যে ৫২২টি ঢাকায়, ১২৮টি গাজীপুরে, ১৯৯টি নারায়ণগঞ্জে ও ১৫১টি কারখানা চট্টগ্রামে। সংবাদ সম্মেলনে গবেষক মনওয়ার মোস্তফা লিখিত বক্তব্য পাঠ করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচাপতি গোলাম রাব্বানী, নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১৩৫ ঘ.