ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রয়্যালটি নির্ধারণ না করেই কয়লা নীতির খসড়া চূড়ান্ত করা হয়েছে। প্রস্তাবিত কয়লা নীতিতে রয়্যালটি (সরকারের প্রাপ্য অংশ) র্নিধারণের দায়িত্ব একটি উচ্চ পর্যায়ের কমিটির ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কয়লা খাত উন্নয়ন কমিটি নামের এই কমিটিই প্রয়োজন অনুযায়ী সময়ে সময়ে পর্যালোচনা করে রয়্যালিটি নির্ধারণ করবে।
কয়লা রপ্তানির কোনও সুপারিশ না থাকলেও কয়লা থেকে উৎপন্ন কোক দেশে ব্যবহৃত না হলে সেগুলো রপ্তানির সুযোগ থাকছে।
এছাড়া নিয়ন্ত্রিত বিদেশি বিনিয়োগ, পরীক্ষামূলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন, কয়লা উত্তোলনের জন্য সরকারি হোল্ডিং কোম্পানি 'কোল বাংলা' গঠনের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কয়লা নীতির বিভিন্ন বিষয়ে সুপারিশ করার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটি শুক্রবার কারওয়ান বাজারে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন-পেট্রোবাংলা কার্যালয়ে বৈঠক করে।
বৈঠক শেষে কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল মতিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, "জাতীয় স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই কয়লা নীতি প্রণয়ন করেছি। দেশের জনগণ কয়লা খাতে লুটপাটের যে আশঙ্কা করেছিল কয়লা নীতি হলে সেটা থাকবে না। বিদেশি বিনিয়োগকারীরা সরকারি নিয়ন্ত্রণের মাঝে সাহায্যকারী প্রতিষ্ঠান হিসাবে আসবে।"
কয়লা নীতির খসড়া প্রস্তাবে রয়্যালটি চূড়ান্ত না করা প্রসঙ্গে তিনি বলেন, এর আগে কয়লার ক্ষেত্রে সরকার বিভিন্ন সময় রয়্যালটির পরিমাণ বিভিন্ন হারে নির্ধারণ করেছে। এটা সময় অনুযায়ী মূল্যায়ন করতে হবে। কয়লা খাতের মুল কমিটির অধীনে একটি স্থায়ী কমিটি থাকবে। যারা পর্যালোচনা করে রয়্যালটি ধার্য করবে।
পরীক্ষামুলকভাবে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন বিষয়ে অধ্যাপক মতিন বলেন, "এ নিয়ে স্থানীয় জনসাধারণ ও সুশীল সমাজের মতামত নিয়ে কাজ করা হবে।"
তিনি জানান, তিন বছরের একটি সময়সীমা নির্ধারণ করে তারা সুপারিশ করেছেন। এতে কী করতে হবে সেসব বলা আছে। খুব শিগগিরই কয়লা উৎপাদন এবং এ জন্য সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান 'কোল বাংলা' গঠনের সুপারিশ রাখা হয়েছে।
এছাড়া কয়লা উত্তোলনে দক্ষতা বাড়াতে মানব সম্পদ উন্নয়নের বিষয়েও দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।
অধ্যাপক আবদুল মতিন পাটোয়ারি বলেন, "আমাদের কয়লা সীমিত। আমরা রপ্তানি বন্ধের সুপারিশ করেছি। এখানে (খসড়া কয়লা নীতিতে) রপ্তানির সুযোগ নেই। এটা সবার কাছেই গ্রহণযোগ্য হবে। তিন বছরের মধ্যে কয়লা উত্তোলন ও এই কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয়েছে।"
তিনি জানান, সরকার যখনই চাইবে তখনই খসড়া জমা দেওয়া হবে। এ ব্যাপারে তাদের পুরো প্রস্তুতি আছে।
দীর্ঘ বিতর্কের পরও বিশেষজ্ঞ কমিটি রয়্যালটি নির্ধারণ করতে না পেরে শেষ পর্যন্ত রয়্যালটি বিষয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
সুপারিশের বলা হয়, সরকার রয়্যালটি নির্ধারণে একটি কমিটি গঠন করবে। এই কমিটি কয়লার উৎপাদন খরচ, দেশীয় ও আন্তর্জাতিক বাজার মূল্য, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ ইত্যাদি যাচাই করে রয়্যালটি নির্ধারণ করবে।
কয়লা খাত উন্নয়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার সময় সময় গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ব্যবহৃত কয়লার রয়্যালটি নির্ধারণ করবে।
এই কমিটি হবে ২৮ সদস্যের। এর প্রধান হবেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর পরিচালক সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কয়লা নীতির অপর ম্পর্শকাতর বিষয় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পাশাপাশি সুড়ঙ্গ পদ্ধতির প্রস্তাব রাখা হয়েছে খসড়া কয়লা নীতিতে। এতে উভয় পদ্ধতির ভাল মন্দ ব্যাখ্যা করা হয়েছে।
খসড়ায় বলা হয়, উন্মুক্ত খনন পদ্ধতি পরীক্ষা করা হবে বড়পুকুরিয়া খনিতে। এখানে সর্বনিু গভীরতা ১১৮ মিটার পর্যন্ত খনন করা যাবে। আটশত হেক্টরের বেশি জমিতে উন্মুক্ত খনি খনন করা যাবে না।
পরীক্ষামূলক খননের পর এর ভাল-মন্দ সব কিছু বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কয়লা রপ্তানি না করার সুপারিশ রাখা হয়েছে খসড়া কয়লা নীতিতে। তবে উন্নতমানের কোক কয়লা রপ্তানি করা যাবে। এক্ষেত্রে রয়্যালিটি ধরা হবে ৩০ শতাংশ।
সরাসরি বেসরকারি কোম্পানির কাছে কয়লা খনি ইজারা দেয়া যাবে না। তবে খনি উন্নয়নে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগকে প্রাধান্য দিতে সুপারিশ করা হয়েছে।
বিশেষজ্ঞ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক প্রকৌশল বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন পাটোয়ারী। উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিটির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম, পেট্রোবাংলার পরিচালক মকবুল-ই এলাহী, সাংবাদিক আতাউস সামাদ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএসবি/এমএ/১৯৩১ঘ.
bdnews24