ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ডেরিভেটিভ চালুর ব্যাপারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পাঠানো খসড়া নীতিমালা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সিএসই প্রেসিডেন্ট নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানির হোটেল লা ভিঞ্চিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, "ডেরিভেটিভ চালু হলে পুঁজি বাজারে তারল্য বাড়বে। পণ্য বিনিয়োগের ঝুঁকি চিহ্নিত করা সহজ হবে। ঝুঁকি নিতে সক্ষম ও আগ্রহী বিনিয়োগকারীদের জন্য এটা বেশ উপযোগী।"
তিনি বলেন, "ডেরিভেটিভস চালুর জন্য বিধিমালায় বেশ কিছু সংস্কার দরকার। সিএসই ইতোমধ্যে পরীক্ষা-নিরীক্ষা ও মতামতের জন্য এসইসি'র কাছে একটি খসড়া দাখিল করেছে।"
অনুমোদন পেয়ে গেলে পুঁজি বাজারে খুব শিগগিরই ডেরিভেটিভ চালু করা যাবে বলে জানান তিনি।
ডেরিভেটিভ হচ্ছে এক ধরনের আর্থিক চুক্তি যার মূল্য নির্ধারিত হয় ডেরিভেটিভ তলিকায় থাকা পণ্যের মূল্যের ওপর। যে কোনো পণ্যই এ তালিকায় থাকতে পারে। যেমন, স্বর্ণ (ভোগ্য পণ্যের ডেরিভেটিভ), বাগান (সম্পত্তির ডেরিভেটিভ), আবহাওয়া (আবহাওয়ার ডেরিভেটিভ), শেয়ার (আর্থিক ডেরিভেটিভ), সুদের হার (মুদ্রার ডেরিভেটিভ) ইত্যাদি। একজন বিক্রেতা তার পণ্যের ঝুঁকি বিবেচনা করে ভবিষ্যতের পণ্য বিক্রির জন্য একটি চুক্তি বা ডেরিভেটিভ করতে পারেন। প্রয়োজনে মধ্যবর্তী কোনো সময়ে তিনি ওই চুক্তিও বিক্রি করে দিতে পারেন।
সিএসই'র প্রধান নির্বাহী এ বি সিদ্দিক বলেন, "ডেরিভেটিভস প্রোডাক্টস পরিচিতি ও এ সংক্রান্ত সচেনতামূলক ধারাবাহিক কর্মসূচি হিসেবেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমাদের বাজার ডেরিভেটিভ চালুর ব্যাপারে প্রস্তুত।"
সিএসই'র মহাব্যাবস্থাপক ও অভিযোগ বিভাগের প্রধান আতিকুজ্জামান এ ব্যাপারে একটি স্লাইড শো উপস্থাপন করেন। তিনি বলেন, "পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ডেরিভেটিভ দরকার।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২৩৫ ঘ.
bdnews24