ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের নভেম্বর মাসের বেতন, ওভার টাইম এবং ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকার, তৈরি পোশাক শিল্প খাতের প্রতিষ্ঠানের মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ডিসেম্বর মাসের কমপক্ষে ১৫ দিনের বেতন দেওয়ার শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সরকারপক্ষ এ দাবি বিবেচনা করার জন্য মালিকদের অনুরোধ করেন। মালিকরাও শ্রমিকদের এ দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেন, "রোজার ঈদের মতোই গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন দেওয়ার ক্ষেত্রে যে প্রতিশ্র"তি দিয়েছে তা বাস্তবায়ন করা হবে।"
তিনি জানান, ৩২টি গার্মেন্টস এখনো শ্রমিকদের জন্য সরকার নির্ধারিত ন্যুনতম মজুরী বাস্তবায়ন করেনি। ৩১ ডিসেম্বরের মধ্যে ন্যুনতম মজুরি কার্যকর করা না হলে তাদের বিরুদ্ধে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার উপদেষ্টা শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে রাস্তায় না নামার পরামর্শ দিয়ে বলেন, "কোনো সমস্যা থাকলে তা নিয়ে সরকারের কাছে আসতে হবে; রাস্তায় নেমে সমস্যার সমাধান হয় না।"
ওদিকে, বৈঠকে সার্ভিস বুক চালুর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপদেষ্টা বলেন, "সার্ভিস বুক চালু হলে এর উপকার গার্মেন্টস মালিকরাই সুবিধা ভোগ করবে। এতে শ্রমিকরা এক গার্মেন্টসের বেতন নিয়ে অন্য গার্মেন্টসে যেতে পারবে না।"
এবারের ঈদে রাত আটটার পর দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, বিপণীবিতান বন্ধ রাখার মতো কোনা নির্দেশ সরকার জারি করেনি বলেও জানান তিনি।
সভায় বিজিএমইএ এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, শ্রম সচিব, গার্মেন্টস শ্রমিক প্রতিনিধি ও মালিকরা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমএ/১৬৫০ঘ.
bdnews24