ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিন্জি টুয়েন্টিফোর ডটকম)- বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিদের পুনর্বাসনের জন্য খেলাপি ঋণ নবায়নের শর্ত শিথিল করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে 'বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিতের পুনর্বাসন'- শিরোণামে জারি করা ওই সার্কুলারে বলা হয়েছে, উপর্যুপরি বন্যায় ক্ষতিগ্রস্ত তাঁতিরা ঋণ খেলাপি হলে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে প্রয়োজনীয় ডাউন-পেমেন্টের শর্ত শিথিল করা যেতে পারে।
সার্কুলারে ব্যাংকগুলোকে একটি আলাদা সেল করে ক্ষতিগ্রস্ত তাঁতিতের ঋণ সুবিধা দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষতিগ্রস্ত তাঁতিদের নতুন ঋণ পেতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/২১১০ ঘ.
bdnews24