২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি'র নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় পুঁজি বাজার চাঙা

আগের দিনের মন্দাভাবের পর গ্রাহকদের ঋণ সুবিধা বাড়ানোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মঙ্গলবার শেয়ার বাজার চাঙা ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মন্দাভাবের পর গ্রাহকদের ঋণ সুবিধা বাড়ানোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মঙ্গলবার শেয়ার বাজার চাঙা ছিল। দিনের শুরুতেই ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচকে উর্ধ্বগতি দেখা যায়। প্রথম ঘণ্টার পর লেনদেন পড়ে গেলেও দিনের মাঝামাঝিতে আবার গতি ফিরে পায় শেয়ার বাজার। পুঁজি বাজার বিশ্লেষক ইয়াওয়ের সাইদ বলেন, "এসইসি'র নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে বাজার চাঙা হয়ে ওঠে।" গ্রাহকদের ঋণ সুবিধা বাড়ানোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার প্রতিবাদে সোমবার ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিক্ষোভ করেন। সেদিন বিকালেই এক বৈঠকের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১৯ নভেম্বর জারি করা ওই নিষেধাজ্ঞা তুলে নেয়। মঙ্গলবার দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩১ দশমিক ৮৯ পয়েন্ট বা এক দশমিক ১১ শতাংশ বেড়ে ২৯০৫ দশমিক ১৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৭ দশমিক ১৬ পয়েন্ট বা এক দশমিক ১১ শতাংশ বেড়ে হয় ২৪৫৬ দশমিক ০৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৬ দশমিক ৯৬ পয়েন্ট বা এক দশমিক ১৯ শতাংশ বেড়ে ২২৮৯ দশমিক ৬৯ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬০ কোটি টাকার ৯২ লাখ ২৬ হাজার ২৮২টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৭৯ শতাংশ কমে হয়েছে ৬৮৪ টাকা ৭৫ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৯৫ শতাংশ কমে ১৪২৭ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। আশুলিয়ায় তাদের ১০৫ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২৭ শতাংশ কমে ১৫৪১ টাকা ৫০ পয়সা হয়। ইসলামী ব্যাংক পারপেচুয়াল বন্ডের দাম ৩ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৫৮১ টাকা ৫০ পয়সা হয়েছে। বিওসি বাংলাদেশের শেয়ার ২ দশমিক ১৬ শতাংশ বেড়ে ৩০৭ টাকা ৪০ পয়সা হয়। ইউসিবিএল, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। তবে লঙ্কা বাংলা ফাইন্যান্সের শেয়ারের দাম কমেছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল মিতা টেক্সটাইল, অ্যাম্বি ফার্মা, সায়হ্যাম টেক্সটাইলস, লিগেসি ফুটওয়্যার ও বেঙ্গল বিস্কুট। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল তাল্লু স্পিনিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ও আনলিমা ইয়ার্ন । মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব শেয়ার সূচক উর্ধ্বমুখী ছিল। সিএসইতে ২৭ কোটি ২৮ লাখ ২১ হাজার টাকার ২৩ লাখ ৪৭ হাজার ৪৫টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ১৮টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এসকে/১৯২৬ঘ.