২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসির নিষেধাজ্ঞার কারণে পুঁজি বাজারে অস্থির দিন

গ্রাহকদের ঋণ সুবিধা বাড়ানোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভের মধ্য দিয়ে দিন শেষ করেছে পুঁজিবাজার। সারাদিনই বাজার সূচকে ওঠা-নামা ছিল। অবশ্য সোমবার বিকেলে এক বৈঠকের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১৯ নভেম্বর জারি করা ওই নিষেধাজ্ঞা তুলে নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 02:53 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - গ্রাহকদের ঋণ সুবিধা বাড়ানোর ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থার নিষেধাজ্ঞার প্রতিবাদে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভের মধ্য দিয়ে দিন শেষ করেছে পুঁজিবাজার। সারাদিনই বাজার সূচকে ওঠা-নামা ছিল। অবশ্য সোমবার বিকেলে এক বৈঠকের পর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত ১৯ নভেম্বর জারি করা ওই নিষেধাজ্ঞা তুলে নেয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে বেলা সোয়া ১১টা থেকে ডিএসইতে লেনদেন এক প্রায় ঘণ্টা বন্ধ থাকে। তবে ডিএসইর ভাইস-প্রেসিডেন্ট আহমেদ রশিদ লালী দাবি করেছেন, যান্ত্রিক ত্র"টির কারণে লেনদেন বন্ধ রাখা হয়। দিনের শুরুতেই পুঁজিবাজারের সাধারণ সূচক পড়ে যায়। বেলা সোয়া ১২টার দিকে লেনদেন আবার শুরু হলে লেনদেনে কিছুটা গতি আসে। তবে দিনের শেষভাগে বাজার আবার পড়ে যায়। পুঁজি বাজার বিশ্লেষক ইওয়ার সাইদ বলেন, "নিয়ন্ত্রক সংস্থা কঠোর পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কায় বিনিয়োগকারীরা আতঙ্কিত ছিল। এ কারণেই বাজার অস্থির ছিল।" বাজার নিয়ন্ত্রণে এসইসি'র নেওয়া বিভিন্ন তাৎক্ষণিক পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, "একটি সিদ্ধান্ত কার্যকর করার কয়েকদিনের মধ্যে আবার সেই সিদ্ধান্তটি পরিবর্তন করায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫ দশমিক ৪৪ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ কমে ২৮৭৩ দশমিক ২৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৫ পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে হয়েছে ২৪২৮ দশমিক ৯১ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক দশমিক ৭৯ পয়েন্ট বা দশমিক ০৩ শতাংশ কমে হয়েছে ২২৬২ দশমিক ৭২ পয়েন্ট। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৬ কোটি টাকার ৮২ লাখ ২৬ হাজার ২৬২টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৯৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৭ শতাংশ বেড়ে হয়েছে ১৫৪৫ টাকা ৭৫ পয়সা। ইউসিবিএল এর শেয়ারের দাম ৩ দশমিক ৭৪ শতাংশ কমে ৪৫৪০ টাকা হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৮৭ শতাংশ কমে ২৫১৪ টাকা হয়েছে। ট্রাস্ট ব্যাংক ও এবি ব্যাংকের শেয়ারের দাম বাড়লেও উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক বন্ড ও ইসলামী ব্যাংকের শেয়াারের দাম কমেছে। বিদ্যুৎ খাতের মধ্যে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৯৭ শতাংশ বেড়েছে; হয়েছে ৬৯৭ টাকা ২৫ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দামও বেড়েছে। ডিএসইতে লাভবান প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমদিকে ছিল মিতা টেক্সটাইল, মেঘনা কনডেন্সড মিল্ক, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স ও ফার্স্ট বিএসআরএস মিউচুয়াল ফান্ড। ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে ছিল ঢাকা ফিশারিজ, মেঘনা পেট ইন্ডস্ট্রিয়ালস, বিডি ওয়েল্ডিং ও বেঙ্গল বিস্কুট। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিম্নমুখী। এদিন সিএসইতে ২৪ কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকার ১৯ লাখ ২৯ হাজার ৭৪০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৭০টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০৪৫ ঘ.