২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার করদাতার সংখ্যা কিছু বেড়েছে

ব্যাপক প্রচার সত্ত্বেও সরকারের বেধে দেয়া সময়ের মধ্যে দেশের ২২ লাখ টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার মধ্যে এবার মাত্র ছয় লাখ ৪৫ হাজার ৬১৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। আর এ থেকে সরকার কর পেয়েছে ৭৩৯ কোটি ১১ লাখ টাকা। গত কর বছরে পাঁচ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন করদাতা রিটার্র্ন দাখিল করেছিল। সরকার কর পেয়েছিল ২৫২ কোটি ১১ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাপক প্রচার সত্ত্বেও সরকারের বেধে দেয়া সময়ের মধ্যে দেশের ২২ লাখ টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার মধ্যে এবার মাত্র ছয় লাখ ৪৫ হাজার ৬১৭ জন করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন। আর এ থেকে সরকার কর পেয়েছে ৭৩৯ কোটি ১১ লাখ টাকা। গত কর বছরে পাঁচ লাখ ৩৫ হাজার ৯৯৪ জন করদাতা রিটার্র্ন দাখিল করেছিল। সরকার কর পেয়েছিল ২৫২ কোটি ১১ লাখ টাকা। সোমবার বিকেলে সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ এ তথ্য জানিয়ে বলেন, "পর পর দুই দফা বন্যা ও ভয়াবহ ঘুর্ণিঝড়ের পরও শেষ সময়ে বিপুলসংখ্যক করদাতা রিটার্ন জমা দিয়েছেন। তবে এতে আমি পুরোপুরি সন্তুষ্ট নই। ২২ লাখ করদাতার মধ্যে সাড়ে ছয় লাখ রিটার্ন জমা দিয়েছেন।" এনবিআর চেয়ারম্যান মন্তব্য করেন, রিটার্নের সংখ্যা আরও বাড়া উচিৎ ছিল। তবে গতবারের চেয়ে এক লাখের বেশি করদাতা রিটার্র্ন জমা দিয়েছেন উল্লেখ করে একই সঙ্গে কিছুটা সন্তোষও ব্যক্ত করেন তিনি। রাজস্ব কর্মকর্তা বলেন, "করের পরিমাণও প্রায় তিনগুণ বেড়েছে যা অবশ্যই একটা ইতিবাচক দিক।" সাধারণ মানুষের মধ্যে স্বপ্রণোদিত হয়ে কর দেওয়ার প্রবণতা বাড়ছে বলে তিনি দাবি করেন। এনবিআর চেয়ারম্যান জানান, চলতি ২০০৭-০৮ কর বছরে দুই লাখ ১৬ হাজার ৭৪১টি সাধারণ রিটার্র্ন জমা পড়েছে। এ থেকে সরকার কর পেয়েছে ৩৭৪ কোটি ৯৯ লাখ টাকা। স্ব-নির্ধারণী এক লাখ ৯২ হাজার ৭২৩টি রিটার্র্ন থেকে কর এসেছে ১৯২ কোটি ৩০ লাখ টাকা। আর চলতি কর বছর থেকে চালু হওয়া দুই লাখ ৩৬ হাজার ১৫৩টি সার্বজনীন স্বনির্ধারণী রিটার্র্ন থেকে সরকারের কোষাগারে জমা হয়েছে ১৭১ কোটি ৮২ লাখ টাকার রাজস্ব । চেয়ারম্যান বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্র্ন জমা দেননি তাদের খোঁজে সোমবার থেকেই অভিযানে নেমেছেন আয়কর বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাদের সামর্থ আছে অথচ রিটার্র্ন জমা দেননি-এমন কাউকেই ছাড় দেয়া হবে না। তবে আইন অনুযায়ী নির্ধারিত জরিমানা দিয়ে যে কোনো করদাতা যে কোনো সময় সংশ্লিষ্ট কর অঞ্চলে গিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া ঘুর্ণিঝড় সিডর-এর কারণে বরিশাল ও খুলনা অঞ্চলের করদাতারা আবেদন সাপেক্ষে পরেও রিটার্ন জমা দিতে পারবেন বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে আয়কর অনু বিভাগের সদস্য আলী আহম্মদও বক্তব্য রাখেন। বন্যার কারণে ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবার আয়কর রিটার্র্ন দাখিলের মেয়াদ তিন দফা বাড়ানো হয়। প্রথম দফায় ২০০৭-০৮ করবর্ষের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। কিন্তু এরপরও কাঙ্খিত সংখ্যক রিটার্ন জমা না পড়ায় মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু ৩০ নভেম্বর শুক্রবার হওয়ায় ২ ডিসেম্বর (রোববার) রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা নেয় এনবিআর। আবদুল মজিদ জানান, ঢাকার আটটি কর অঞ্চলে সবমিলিয়ে তিন লাখ ৫৯ হাজার ৬৯০ জন করদাতা তাদের আয়কর রিটার্র্ন দাখিল করেছেন। আর এ থেকে মোট কর এসেছে ৫৯৫ কোটি ১৬ লাখ টাকা। এবার ঢাকা জেলায় ছয় হাজার ৭৮৩ জন ডাক্তার রিটার্র্ন জমা দিয়েছেন। এদের কাছ থেকে সরকার কর পেয়েছে নয় কোটি ৭৩ লাখ টাকা। এছাড়া ২৭ হাজার আট জন ব্যাংকারের কাছ থেকে কর পাওয়া গেছে পাঁচ কোটি ৮৫ লাখ টাকা, ২১ হাজার ৬৫৭ জন সরকারি-বেসরকারি কর্মকর্তার কাছ থেকে ১৪ কোটি দুই লাখ টাকা এবং এক হাজার ৬৪১ জন আইনজীবীর কাছ থেকে দুই কোটি তিন লাখ টাকার কর সরকারের কোষাগারে জমা হয়েছে। ঢাকার বাইরে সিলেট বিভাগে সবচেয়ে বেশিসংখ্যক করদাতা রিটার্র্ন দাখিল করেছেন। এ অঞ্চলে ৩০ হাজার ১৭১ জন করদাতার কাছ থেকে ৪৭ কোটি ৮২ লাখ টাকার কর পাওয়া গেছে বলে এনবিআর চেয়ারম্যান জানান। চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত সময়ে রিটার্র্ন জমা না দিলে জরিমানাসহ শাস্তির বিধান কিছুটা শিথিল করা হয়েছে। আগে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা হিসেবে আড়াই হাজার টাকা এবং নির্ধারিত সময়ের পর প্রতিদিনের জন্য ২৫০ টাকা করে দিতে হতো। এবার জরিমানা এক হাজার টাকা এবং প্রতিদিনের জন্য ৫০ টাকা দেওয়ার বিধান করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা প্রায় ২২ লাখ। বর্তমান আইন অনুযায়ী, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার ওপরে তারাই আয়করের আওতায় পড়বেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৩৫ঘ.