ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রোববার রেকর্ড সংখ্যক পয়েন্ট হারানোর পর সোমবার আবারও দরপতন ঘটে ঢাকার পুঁজিবাজারে। তবে মাঝ বেলাতে এসে বাজার কিছুটা গতি ফিরে পেলে সূচকের কাটা আবার একটু ঊর্ধ্বমুখী হয়।
এদিকে, মার্চেন্ট ব্যাংকগুলোর ঋণ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিনিয়োগকারীরা বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্তঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে অবস্থান নিয়ে এর প্রতিবাদ জানায়। এ সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও কিছু সময়ের জন্য পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকে। উদ্ভুত পরিস্থিতিতে কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসেছে।
তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, বেলা ১১টা ২০ মিনিটের দিকে যান্ত্রিক গোলযোগের কারণে ঘণ্টাখানেক লেনদেন বন্ধ থাকায় সোমবার বেলা তিনটা পর্যন্ত বাজারে লেনদেন চলবে।
বেলা ১২টা ২১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৭৩ দশমিক ৬১ পয়েন্ট বা দুই দশমিক ৫৫ শতাংশ কমে হয় দুই হাজার ৮০৫ দশমিক ১২ পয়েন্ট। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ৬১ দশমিক ৭২ পয়েন্ট বা দুই দশমিক ৫৩ শতাংশ কমে হয় দুই হাজার ৩৭২ দশমিক ১৯ পয়েন্ট।
১২টা ২৯ মিনিট পর্যন্ত বাজারে ব্র্যাক ব্যাংক ছিল লেনদেনের দিক দিয়ে শীর্ষে। তবে এ ব্যাংকের শেয়ারের দাম আগের দিনের তুলনায় আরো কমেছে। রোববারের এক হাজার ৫৩৮ টাকা ৫০ পয়সা থেকে কমে তা এক হাজার ৫২৮ টাকা ৭৫ পয়সা হয়। এর পরপরই ছিল ইউসিবিএল এর শেয়ার। ব্যাংকটির শেয়ার চার হাজার ৭১৬ টাকা ৭৫ পয়সা থেকে থেকে কমে চার হাজার ৪৩৮ টাকা হয়। অন্যদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারের দাম ৬৮৩ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৬৮৯ টাকা দাঁড়ায়।
একই সময়ে বাজারের সক্রিয় শেয়ারের মধ্যে উল্লেখযোগ্য উত্তরা ব্যাংকের শেয়ারের দাম চার হাজার ৪৬৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে চার হাজার ৩৮১ টাকায় লেনদেন হয়।
এ ছাড়া মাঝ বেলা পর্যন্ত লেনদেনে ইসলামী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড, সামিট পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, এবি ব্যাংক, ইসলামী ব্যাংক ও লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম কমে যায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/১৪৫২ঘ.
bdnews24