ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জরিমানা ছাড়া ব্যক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন রোববার। টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতাদের মধ্যে যারা রোববার রাত ৮টার মধ্যে রির্টার্ন দাখিল করবে না তাদের খোঁজে সোমবার থেকেই অভিযানে নামবে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর)।
শনিবার বিকেলে এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে এ তথ্য জানিয়ে বলেন, ''আমরা আশা করছি শেষ দিনে (রোববার) বিপুলসংখ্যক করদাতা তাদের আয়কর রিটার্ন দাখিল করবেন। যারা রির্টার্ন জমা দেবেন না তাদের প্রতি কোনো ধরনের নমনীয় মনোভাব দেখাবে না এনবিআর। সোমবার থেকেই এদের বিরুদ্ধে অভিযানে নামবেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। কর ফাঁকি দিয়ে কেউই রেহাই পাবে না।''
এনবিআর চেয়ারম্যান জানান, যারা গতবার রির্টার্ন জমা দিয়েছিলেন, কিন্তু এবার দেননি তাদের একটা তালিকা রোববারের মধ্যে তৈরি করা হবে। সোমবার থেকে এদের খোঁজে নামবেন আয়কর কর্মকর্তারা। তবে ঘুর্ণিঝড় সিডর আক্রান্ত এলাকার করদাতারা সংশ্লিষ্ট কর অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জরিমানা ছাড়াই পরে রির্টার্ন জমা দিতে পারবেন বলে তিনি জানান।
এনবিআরের চেয়ারম্যানের দেয়া তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শেষ দিন বৃহষ্পতিবার পর্যন্ত সাড়ে চার লাখ করদাতা তাদের আয়কর রির্টার্ন দাখিল করেছেন। আর এ থেকে সরকার কর পেয়েছে ৫৫৮ কোটি টাকা। গত বার পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জনের রিটার্ন থেকে কর এসেছিল ২৫২ কোটি ১৪ লাখ টাকা। এবার রিটার্ন দাখিলের সংখ্যা গতবারের চেয়ে বেশি হবে বলে আবদুল মজিদ আশা প্রকাশ করেন।
পর পর দু দফা বন্যা ও বিভিন্ন ব্যবসায়ী সংঘঠনের দাবির পরিপেক্ষিতে এবার আয়কর রির্টার্ন দাখিলের মেয়াদ তিন দফা বাড়ানো হয়। প্রথম দফায় চলতি ২০০৭-০৮ কর বছরের জন্য ব্যক্তিশ্রেণীর করদাতাদের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। কিন্তু এরপরও কাঙ্খিত রিটার্ন জমা না পড়ায় মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু ৩০ নভেম্বর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় এ সময়সীমা ২ ডিসেম্বর (রোববার) পর্যন্ত বাড়ানো হয়।
এদিকে চলতি অর্থবছরের বাজেটে নির্ধারিত সময়ে রির্টার্ন জমা না দেওয়ার শাস্তি খানিকটা কমানো হয়েছে। আগে রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হতো আড়াই হাজার টাকা এবং প্রতিদিনের জন্য ২৫০ টাকা। এবার জরিমানা এক হাজার টাকা করা হয়েছে । প্রতিদিনের জন্য দিতে হবে ৫০ টাকা।
এনবিআরের তথ্য অনুযায়ী দেশে এখন টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার সংখ্যা ২২ লাখের মতো।
চলতি অর্থবছরে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা হচ্ছে এক লাখ ৫০ হাজার টাকা। অর্থ্যাৎ যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার ওপরে তাদের আয়কর রির্টার্ন দাখিল করতে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০০১ঘ.
bdnews24