চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের শিল্পপণ্য মেলা শুরুর এক সপ্তাহ পার হলেও সেখানে ক্রেতা-দর্শকদের ভিড় নেই। মেলার দোকান মালিকরা এজন্য প্রচারণার অভাবকেই দায়ী করছেন। এছাড়া, ঘূর্ণিঝড় সিডরের নেতিবাচক প্রভাবকেও একটি কারণ বলে মনে করছেন তারা।
নগরীর পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম উইমেন চেম্বারের উদ্যেগে গত ২০ নভেম্বর থেকে শুরু হয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এ পণ্যমেলা। মেলা উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী।
বৃহস্পতিবার মেলা ঘুরে দেখা গেছে, মেলায় সাড়ে চারশ স্টল করা হলেও এর বেশিরভাগই রয়েছে ক্রেতা-দর্শক শূন্য। শতাধিক নারী উদ্যোক্তা তাদের পণ্যের পসরা নিয়ে স্টল সাজিয়েছেন। কিন্তু বিক্রি তেমন নেই।
চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারপারসন কোহিনুর কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রচারণার অভাবেই দর্শনার্থীদের উপস্থিতি কম। তবে দিন দিন মেলা জমে উঠছে।"
কোহিনুর কামাল জানান, মেলা সফল করতে বিভিন্ন দৈনিকে বিজ্ঞাপন এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে প্রচারণা চালানো হচ্ছে।
মেলায় নিজেদের উৎপাদিত হস্তশিল্প পণ্য নিয়ে এসেছেন বাংলাদেশ ফেডারেশন অব ইউনিভার্সিটি উইমেন, চট্টগ্রাম শাখার সদস্যরা। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদিকা নাসিমা বাণু জানান, বিক্রি ও ক্রেতাদের উপস্থিতি কম হলেও নারীদের জন্য এ মেলা অবশ্যই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ছাড়াও মেলায় ইরান, থাইল্যান্ড ও চীনের দশটি স্টল রয়েছে। শুধু পণ্য বিক্রি নয়, মেলায় আসা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সহযোগিতা করতে আছে 'ওয়ান স্টপ বিজনেস সেন্টার'। সেখান থেকে উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাংক এবং ঋণ দানকারী সংস্থা সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া, দর্শনার্থী ও বিক্রেতাদের শিশুদের রাখার জন্য মেলায় রয়েছে একটি 'ডে কেয়ার সেন্টার'।
মেলা কমিটির সমন্বয়কারী জি এ রায়হান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের তত্ত্বাবধানে ডে কেয়ার সেন্টার থাকায় মেলায় আসা নারীরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন।"
এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হওয়া এ পণ্যমেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এসএনডি/১৪০০ ঘ.
bdnews24