ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ঘুর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য আরো কিছু ত্রাণ সামগ্রী দিয়েছে।
শনিবার বিজিএমইএ'র পক্ষ থেকে দশ হাজার পিস তৈরি পোশাক ও ৩০০ পিস কম্বল সশস্ত্র বাহিনী বিভাগকে দেয়া হয়েছে। বিমানবাহিনীর উদ্যোগে রোববার দুর্গম এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এসব বিতরণ করা হবে বলে ব্যবসায়ী সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পাঠানো ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিজিএমইএ'র একটি প্রতিনিধিদল দুই ট্রাক বিভিন্ন ধরনের তৈরি পোশাক বাগেরহাট জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেছে। এর আগে বুধবার ২০ টন খাদ্য সামগ্রী এবং বৃহষ্পতিবার ২০ টন খাদ্য ও ১২ হাজার ১০৫ পিস তৈরি পোশাক ও ৪৬০ পিস কম্বল সশস্ত্র বাহিনী বিভাগকে দিয়েছে বিজিএমইএ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১০৯ঘ.
bdnews24