২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও কৃষি ঋণ বিতরণ বাড়ছে না

কৃষকদের সহজ শর্তে দ্রুত কৃষি ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও ঋণ বিতরণ বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক ও একটি সরকারি সংস্থা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছে। ৮ হাজার ১৯২ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে বিতরণ করা হয়েছে এক হাজার ৩০৫ কোটি ৯৬ লাখ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 01:52 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কৃষকদের সহজ শর্তে দ্রুত কৃষি ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও ঋণ বিতরণ বাড়ছে না। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক ও একটি সরকারি সংস্থা নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছে। ৮ হাজার ১৯২ কোটি টাকার লক্ষ্যমাত্রার মধ্যে বিতরণ করা হয়েছে এক হাজার ৩০৫ কোটি ৯৬ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ ও স্পেশাল প্রোগ্রামস বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ২১ শতাংশ কৃষি ঋণ বিতরণ করেছিল। ওই চার মাসে তাদের দেওয়া ঋণের মোট পরিমাণ ছিল এক হাজার ৩১৭ কোটি ৮২ লাখ টাকা। সেই হিসেবে এবার প্রতিষ্ঠানগুলো গতবারের তুলনায় ২ শতাংশ পিছিয়ে আছে। অবশ্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, "অর্থবছরের প্রথম দিকে কৃষি ঋণ বিতরণের পরিমাণ কম হলেও সেপ্টেম্বর-অক্টোবর থেকে তা বাড়তে শুরু করেছে। আশা করছি অর্থবছর শেষে কৃষি ঋণ বিতরণের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ হবে।" নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বৃহস্পতিবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কৃষি ঋণ বিতরণ বাড়ানোর তাগিদ দিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগামী ২৭ নভেম্বর রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসবেন। বৈঠকে দেশের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কৃষি ঋণ বিতরণের ব্যাপারে দিক-নির্দেশনা দেওয়া হবে। এর আগে বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আহছানিয়া-মালয়েশিয়া হজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইনান্স কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে গভর্নর সালেহউদ্দিন আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, "পর পর দুই দফা বন্যার পর আকস্মিক ঘূর্ণিঝড়ে কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে কেন্দ্রীয় ব্যাংক কৃষি ঋণ বিতরণের বিষয়টিকে কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।" ক্ষতিগ্রস্ত কৃষকদের কোনো ধরনের হয়রানি ছাড়া কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, পরপর দু'দফা বন্যার পর কৃষি খাতের ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে মোট ৮ হাজার ১৯২ কোটি ৪৩ লাখ টাকার কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। এর মধ্যে রাষ্ট্রায়ত্ব চারটি ব্যাংক, দুটি বিশেষায়িত ব্যাংক (কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক) ও বিআরডিবি'র লক্ষ্যমাত্রা ৬ হাজার ৮৪৪ কোটি ৫০ লাখ টাকা। আর বেরসকারি ব্যাংকগুলোর নির্ধারিত লক্ষ্যমাত্রা হচ্ছে এক হাজার ৩৪৭ কোটি ৯৩ লাখ টাকা। সবমিলিয়ে চলতি অর্থবছরের মোট লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৯২ কোটি ৪৩ লাখ টাকা। এর বিপরীতে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ৮১ কোটি ৩২ লাখ টাকা, জনতা ব্যাংক ৭৮ কোটি তিন লাখ টাকা, অগ্রণী ব্যাংক ৫০ কোটি ৩৯ লাখ টাকা ও রূপালী ব্যাংক ৭ কোটি ৩ লাখ টাকার কৃষি ঋণ দিয়েছে। কৃষি ব্যাংক বিতরণ করেছে ৬৮১ কোটি ৮৯ লাখ টাকা। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১৯১ কোটি ৬৯ লাখ টাকা এবং বিআরডিবি ২১৫ কোটি টাকার কৃষি ঋণ দিয়েছে। এবারই প্রথম বেসরকারি ব্যাংকগুলোর জন্য কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর আগে বেসরকারি ব্যাংকগুলো কৃষি খাতে তেমন বিনিয়োগ করতো না। দু-একটি ব্যাংক অল্প পরিসরে কৃষি ঋণ দিত। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে বেসরকারি ব্যাংকগুলো মোট ৪৬২ কোটি ৪৭ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ৩৪ দশমিক ৩০ শতাংশ। গত অর্থবছর সরকারি ছয় ব্যাংক ও বিআরডিবি'র কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ছয় হাজার ৩১৬ কোটি ৩০ লাখ টাকা। এর আগে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দিতে কয়েক দফা 'সার্কুলার' জারি করে ব্যাংকগুলোকে তাগাদা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বরের মাঝামাঝিতে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে গভর্নর ব্যবস্থাপনা পরিচালকদের নেতৃত্বে আলাদা সেল গঠন করে কৃষি ঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/১৯৩৫ ঘ.