২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা স্টক এক্সচেঞ্জের চট্টগ্রাম কার্যালয় উদ্বোধন

পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 12:14 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগের সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে। সকাল ১১টায় নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার শফি ভবনে চট্টগ্রাম কার্যালয়ের ফলক উন্মোচন করেন সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই'র সভাপতি আবদুল্লাহ বোখারী, চট্টগ্রাম চেম্বার সভাপতি সাইফুজ্জামান চৌধুরী, ডিইসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খানসহ অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসই'র পক্ষ থেকে জানানো হয়, অত্যাধুনিক স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর মাধ্যমে দেশের বিভাগীয় শহরগুলোতে সেকেন্ডারি মার্কেটে শেয়ার লেনদেনের ক্ষেত্র তৈরি করা হবে। এরই অংশ হিসাবে চট্টগ্রাম শাখার কাজ শুরু হয়েছে। ডিএসই'র ১৭ জন সদস্য চট্টগ্রাম কার্যালয়ে তাদের 'ব্রোকারেজ' কার্যক্রম শুরু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা অনস্বীকার্য। জনসাধারণের অংশগ্রহণের মধ্য দিয়ে পুঁজিবাজার একটি দেশের শিল্প কারখানার অর্থায়নের একটি নির্ভরযোগ্য ক্ষেত্র হিসাবে স্বীকৃত মাধ্যম। পুঁিজবাজারে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা দেশের উন্নয়নের সহযোগী হিসাবে বিকাশমান এবং বিদ্যমান শিল্প কারখানা ও প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবে। স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থার আধুনিকায়নের ফলে ডিএসই'র ব্রোকাররা দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শাখা অফিসগুলো থেকে সংযোগের মাধ্যমে শেয়ার লেনদেনে অংশ নিতে পারবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/টিএইচ/এমএ/১৮০৮ ঘ.