২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিইপিজেডে রপ্তানি গত বছরের চেয়ে ১২ শতাংশ বেড়েছে

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে গত বছরের এ সময়ের তুলনায় ১১ শতাংশ বিনিয়োগ বেড়েছে; আর রপ্তানি বেড়েছে ১২ শতাংশ। চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হক বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 12:33 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১০ মাসে গত বছরের এ সময়ের তুলনায় ১১ শতাংশ বিনিয়োগ বেড়েছে; আর রপ্তানি বেড়েছে ১২ শতাংশ। চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হক বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো জানান, ইপিজেডগুলোতে বিনিয়োগে বিনিয়োগকারীদের আগ্রহের কথা বিবেচনা করে চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি স্থানে আরো একটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিইপিজেড মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আতাউল হক জানান, বর্তমানে সিইপিজেডে বরাদ্দ দেয়ার মতো কোনো খালি প্লট নেই। ৪৫৩ একর আয়তনের সিইপিজেডে বর্তমানে ২৬৪টি শিল্প ইউনিটে ১৩৭টি কারখানা চালু রয়েছে এবং ১০টি নির্মাণাধীন। এখানে ৩১টি দেশের বিনিয়োগ রয়েছে। আর কর্মসংস্থান হয়েছে ১ লাখ ২০ হাজারের বেশি লোকের। মহাব্যবস্থাপক জানান, বিগত বছরের তুলনায় অক্টোবর পর্যন্ত গত ১০ মাসে সিইপিজেডে ১১ শতাংশ বেশি বিনিয়োগ ও ১২ শতাংশ বেশি পণ্য রপ্তানি হয়েছে। অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগের বিপরীতে ৩৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের মূল্যের পণ্য রপ্তানি হয়েছে। তিনি বলেন, "চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি স্থানে আরও একটি ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য উপযুক্ত জায়গা খোঁজার প্রক্রিয়া চলছে।" ইপিজেডগুলোতে বিনিয়োগে বিনিয়োগকারীদের আগ্রহের কথা বিবেচনা করে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে আতাউল হক জানান। চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশে বর্তমানে আটটি ইপিজেড রয়েছে। চট্টগ্রাম ইপিজেডই দেশের প্রথম ইপিজেড। ইপিজেডে শ্রমিক ও মালিক পক্ষের সুসম্পর্কের কারণে বিনিয়োগ ও রপ্তানির পরিমাণ বাড়ছে উল্লেখ করে আতাউল হক সিইপিজেডে বিনিয়োগ ও কাজের সুষ্ঠু পরিবেশ ধরে রাখার জন্য গণমাধ্যমের সহায়তা কামনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৮২৮ ঘ.