২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্য্যংকিং খাতে স্বচ্ছতা আনতে তথ্য জনসম্মুখে প্রকাশ করা উচিৎ: বিমল জালান

ব্যাংকিং খাতে নৈতিকতার বিষয়টি ব্যাংক কার্যক্রমের স্বচ্ছতার ওপর নির্ভর করে। আর এ স্বচ্ছতা আনার অন্যতম উপায় হচ্ছে হিসাব নিরীক্ষণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং ব্যাংক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসম্মুখে প্রকাশ করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং খাতে নৈতিকতার বিষয়টি ব্যাংক কার্যক্রমের স্বচ্ছতার ওপর নির্ভর করে। আর এ স্বচ্ছতা আনার অন্যতম উপায় হচ্ছে হিসাব নিরীক্ষণে আন্তর্জাতিক মান নিশ্চিত করা এবং ব্যাংক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন তথ্য জনসম্মুখে প্রকাশ করা। মঙ্গলবার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রাক্তন গভর্ণর এবং ভারতের রাজ্যসভার বর্তমান সদস্য ড. বিমল জালান ''ব্যাংকিং-এ নৈতিকতা''- শীর্ষক সপ্তম নুরুল মতিন স্মারক বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এ স্মারক বক্তৃতার আয়োজন করে। বিআইবিএম-এর মহাপরিচালক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে বক্তৃতায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও বিআইবিএম গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ। বিমল জালান বলেন, ''বাংলাদেশ ও ভারতের ব্যাংকিং খাত প্রায় একই রকম। দু দেশের ব্যাংকিং খাতই অনেকাংশে শিল্প খাতের উপর ভর করে গড়ে উঠেছে। উভয় দেশের অর্থনীতিতেই ব্যাংকিং খাত বিশেষ অবদান রেখে চলেছে। আর এ কারণেই ব্যাংকিং খাতে নৈতিকতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।" তিনি আরো বলেন, ''ব্যাংকিং খাতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। সময় ও যুগের সঙ্গে তালমিলিয়ে এ খাতের সংস্কার করতে হবে। আর এ জন্য অনেক পুরনো আইন যুগোপযোগী করারও প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংককে সবচেয়ে বেশী ভূমিকা পালন করতে হবে।" ব্যাংকিং কার্যক্রম সাধারণ মানুষের জন্য হওয়া উচিত জানিয়ে বিমল জালান বলেন, "ব্যাংকগুলোকে সব সময় জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। এতে কোনো ধরনের হস্তক্ষেপ যাতে না হয় সে বিষয়টি বিবেচনায় রাখতে হবে। পরিচালনা পর্ষদ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে বিষয়টিও নিশ্চিত করতে হবে।" তিনি বলেন, ''আমাদের দেশগুলোতে ব্যাংকিং খাতের বিভিন্ন তথ্য গোপন রাখা হয়। অথচ এ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনসম্মুখে তথ্য প্রকাশ করা খুবই জরুরি।'' বাংলাদেশ ব্যাংকের আমন্ত্রণে বিমল জালান তিন দিনের সফরে সোমবার সকালে ঢাকায় আসেন। বুধবার তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। বিমল জালান ১৯৯৭ থেকে ২০০৩ সাল মেয়াদে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্ণর ছিলেন। ২০০৩ সালের আগষ্টে তিনি ভারতীয় রাজ্যসভার সদস্য মনোনীত হন। আ ফ ম নুরুল মতিন ছিলেন একজন প্রখ্যাত ব্যাংকার। ২৫ বছরের কর্ম জীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর, শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, বিআইবিএম-এর পরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। তার স্মরণে সপ্তমবারের মতো এই স্মারক বক্তৃতার আয়োজন করে বিআইবিএম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএ/২১৩৩ ঘ.