ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের দ্রুত পর্যাপ্ত কৃষিঋণ বিতরণের জন্য ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ।
একইসঙ্গে দেশে যাতে কোনো অবস্থাতেই খাদ্য সংকট দেখা না দেয় সেজন্য প্রয়োজনীয় খাদ্য আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্যাপ্ত অর্থ যোগান দেওয়া হবে বলেও জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আহছানিয়া-মালয়েশিয়া হজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লি. এর (এএম-এইচআইএফসি) আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, "পরপর দু'দফা বন্যার পর আকষ্মিক ঘূর্ণিঝড়ের কারণে দেশের বেশ কয়টি জেলায় সব ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকরা যাতে এ ক্ষতি দ্রুত কাটিয়ে উঠতে পারে সেজন্য সরকারি রাষ্ট্রায়ত্ব ও বিশেষায়িত ব্যাংকগুলোর পাশাপাশি বেসরকারি ব্যাংকগুলোকেও কৃষিঋণ বিতরণ কার্যক্রম শুরু করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।"
আগের দেওয়া কৃষি ঋণ মওকুফ প্রসঙ্গে তিনি বলেন, "এটা সরকারের উপর মহলের সিদ্ধান্তের ব্যাপার। তবে এই মুহূূর্তে কৃষকদের পর্যাপ্ত কৃষি ঋণ দরকার, আমরা সে দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি।"
ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় দেশে খাদ্য ঘাটতি প্রসঙ্গে গভর্নর বলেন, "এটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা (কেন্দ্রীয় ব্যাংক) খাদ্য পণ্যসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য এখন অনেক বেশি অর্থ যোগান দিচ্ছি।"
তিনি জানান, গত সেপ্টেম্বর-অক্টোবর মেয়াদে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি ব্যয় বাবদ ৪৬ কোটি ডলারের বেশি অর্থ পরিশোধ করা হয়েছে। এর আগে কখনোই এ পরিমাণ বিল পরিশোধ করা হয়নি।
প্রয়োজনে এর চেয়েও বেশি অর্থ কেন্দ্রীয় ব্যাংক থেকে যোগান দেওয়া হবে বলে জানান সালেহউদ্দিন আহমেদ।
মূল্যস্ফীতি বাড়া প্রসঙ্গে তিনি বলেন, "এ ব্যাপারে এখনই কোনো ধারণা করা ঠিক হবে না।"
এএম-এইচআইএফসি এর চেয়ারম্যান আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা আহছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, এএম-এইচআইএফসি এর ব্যবস্থাপনা পরিচালক ড. রফি বিন ইয়াকুপ প্রমুখ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমএ/১৫১৩ঘ.
bdnews24