২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে 'প্রাইস কমিশন' গঠনের সুপারিশ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে স্থায়ী 'প্রাইস কমিশন' গঠনের সুপারিশ করেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি। একইসঙ্গে কমিটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুমোদন ও দ্রুত কার্যকর করারও সুপারিশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2007, 03:47 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে স্থায়ী 'প্রাইস কমিশন' গঠনের সুপারিশ করেছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় কমিটি। একইসঙ্গে কমিটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুমোদন ও দ্রুত কার্যকর করারও সুপারিশ করেছে। সোমবার বিকেলে কমিটির সভাশেষে এর সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তাকিমের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "ওই দুটি বিষয়ে সুপারিশ করা ছাড়াও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করতে বলা হয়েছে। বিশেষ করে এ কার্যক্রমের মাধ্যমে দ্রব্যের গুণগতমান ও ওজনের বিষয়টি নিশ্চিত করা হবে।" শুকনা মরিচ, হলুদ ও লবন ছাড়া প্রায় সব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম চলতি মাসে বেড়ে গেছে বলে স্বীকার করেন তিনি। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে জানান, দেশে বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এ পরিস্থিতি মোকাবিলায় স্থায়ী প্রাইস কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে। কমিশন নিয়মিত পণ্যমূল্য তদারকির পাশাপাশি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বৈঠকে তেল ও পেঁয়াজের অতিরিক্ত দাম বাড়ার কারণ পর্যালোচনা করে এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ ছাড়া, নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের বিপরীতে কম মুনাফা করে যৌক্তিক হারে দাম নির্ধারণের জন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। বৈঠকে বাণজ্য মন্ত্রণালয় ছাড়াও কৃষি, শিল্প, মৎস্য ও পশুসম্পদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, বিডিআর ও পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এমকে/এসএনডি/এমএইচবি/২১৩৭ ঘ.