ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট শুরু হচ্ছে সোমবার থেকে। ওই দিন ৫৪৩ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার উদ্দেশে সকাল ৬ টা ৫৫ মিনিটে যাত্রা শুরু করবে।
বিমানের তথ্য কেন্দ্র জানায়, চলতি বছর তারা ভাড়া করা একটি বোয়িং ৭৪৭ ও নিজস্ব দুটি ডিসি- ১০ উড়োজাহাজ দিয়ে হজ ফ্লাইট চালাবে।
হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক মোহাম্মাদ ফারুক রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হজ ফ্লাইট চালাতে ধর্ম ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে।
জেদ্দায় অধিকাংশ হজ যাত্রীর বাড়ি ভাড়া নেওয়ার হয়েছে জানিয়ে তিনি বলেন, "শিগগিরই বাদবাকি বাড়ি ভাড়া নেওয়া হবে। এ নিয়ে এবার কোনো সমস্যা হবে না।"
বিমানের এক কর্মকর্তা জানান, গতবার কয়েকটি হজ এজেন্সি মৌসুমের আগেই সৌদি আরবে বাসা ভাড়া না নেওয়ায় দেশটির সরকার হজ পালনে ইচ্ছুক প্রচুর বাংলাদেশী নাগরিককে ভিসা দেয়নি। এ কারণে হজ ফ্লাইট চালানোর জন্য সব ধরনের প্রস্তুতি থাকার পরও যাত্রী সঙ্কটের কারণে বিমানকে প্রচুর লোকসান দিতে হয়।
এদিকে, রোববার হজ ক্যাম্প ঘুরে দেখা যায়, ফ্লাইট ধরতে এরই মধ্যে সেখানে ছয়শর বেশি যাত্রী এসেছেন। তাদের অধিকাংশই ঢাকার। তবে ঢাকার বাইরে থেকেও হজ যাত্রী ক্যাম্পে আসতে শুরু করেছেন।
হজ ক্যাম্পে ধর্ম মন্ত্রণালয় ও বিমান কর্তৃপক্ষ যাত্রীদের দেখভাল করছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাদের সেবা দিচ্ছে বয়েজ স্কাউটের সদস্যরা। এছাড়া, গ্রামীণফোনের উদ্যোগে খোলা হয়েছে স্বাস্থ্যকেন্দ্র। নিরাপত্তার জন্য র্যাব, পুলিশ ও আনসার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
ঢাকার ডেমরার আজিম উদ্দিন (৮০) ও রংপুরের মিঠাপুকুরের গুলজার হোসেন (৭০) প্রথমবারের মতো হজ পালন করতে যাচ্ছেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তোষ প্রকাশ করেন।
বিমানের তথ্যকেন্দ্র জানায়, এবার জনপ্রতি হজযাত্রীর ভাড়া এক হাজার ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছে। অন্যবার সৌদি অ্যারাবিয়া এয়ারলাইন্স মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করলেও এবার তারা ১০ হাজারের বেশি যাত্রী নিতে পারবে না বলে বিমানকে জানিয়েছে। তারাও বিমানের মতোই যাত্রীপ্রতি ভাড়া নিচ্ছে।
বিমান কর্মকর্তারা জানান, গত বছর তাদের হজ ফ্লাইট ২৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হয়। ২০০৬ সালে বিমানের মোট ৩২ হাজার ৩৭৪ জন যাত্রী পরিবহন করার কথা থাকলেও শেষ পর্যন্ত ২৪ হাজারের বেশি যাত্রী পাওয়া যায়নি। এ জন্য ১৫ কোটি টাকারও বেশি লোকসান হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৯৪০ ঘ.
bdnews24