ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাওয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্পের নেতারা।
এ শিল্পের মালিক ও বিশেষজ্ঞদের অভিমত, আগামী বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই বহুল-প্রতীক্ষিত এ সুবিধা পাওয়া না গেলে এ নিয়ে সমস্যা হতে পারে।
যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এ সুবিধা আদায় করতে না পারলে পরবর্তী সরকার এ বিষয়টি নিয়ে খুব বেশি আগ্রহ দেখাবে না বলে আশংকা করছেন তৈরি পোশাক শিল্পের নেতারা।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরশেষে দেশে ফিরে শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ''যা কিছু করার আগামী চার-পাঁচ মাসের মধ্যে তা করতে হবে। এরপরই গোটা আমেরিকায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে। তখন আর বাংলাদেশকে নিয়ে কেউ বিন্দুমাত্র চিন্তা করবে না।''
মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে বিজিএমইএ সভাপতি সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
বিজিএমইএ সভাপতি বলেন, "আমরা আমাদের মতো চেষ্টা করছি। এখন সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালাতে হবে। সরকারের সক্রিয় ভূমিকা ছাড়া আমেরিকার কাছ থেকে এ সুবিধা আদায় করা কোনোভাবেই সম্ভব নয়।"
সরকারকে এখন থেকেই চার-পাঁচ মাসের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা সামনে নিয়ে কাজ শুরু করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আনোয়ার-উল আলম জানান, বাংলাদেশকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকার এখন দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এর একটি হচ্ছে শ্রমিক ইস্যু। আর অন্যটি হচ্ছে, ইপিজেডের কারখানাগুলোর সর্বশেষ পরিস্থিতি।
ইপিজেডের কারখানাগুলোতে এখন আর কোনো সমস্যা নেই মন্তব্য করে বিজিএমইএ সভাপতি জানান, এ বিষয়টি তারা মার্কিন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তিনি বলেন, "ন্যায্য মজুরিসহ শ্রমিক অধিকারের বিষয়টি খুব শিগগিরই পুরোপুরি সমাধান করা হবে বলে আমরা তাদের আশ্বস্ত করেছি। সরকারকে এখন ব্যাপক প্রচারণার মাধ্যমে এই বিষয়গুলো মার্কিন সরকারের সামনে তুলে ধরতে হবে।"
যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার জন্য প্রায় দশ বছর ধরে বাংলাদেশ চেষ্টা চালিয়ে আসছে। ১৯৯৯ সালে সাব-সাহারান ও ক্যারিবীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্র এ সুবিধার দেওয়ার পর এলডিসিভুক্ত (স্বল্পোন্নত দেশ) দেশ হিসাবে বাংলাদেশও যাতে এ সুবিধা পায় সেজন্য সরকার ও পোশাক শিল্প মালিকদের পক্ষে বিজিএমইএ সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিজিএমইএর পক্ষ থেকে একটি যুক্তরাষ্ট্রে তদবির করার জন্য লবিস্ট ফার্মও নিয়োগ দেয়া হয় বছর চারেক আগে। বেশ কয়েকজন কংগ্রেস সদস্য বাংলাদেশে এসেছেন বিষয়টি নিয়ে আলোচনার জন্য। তারা আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
দেশের পোশাক শিল্প খাত এই মুহূর্তে ভালো যাচ্ছেনা। চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) এ খাতে রপ্তানি আয় কমেছে ১২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত সা
bdnews24