ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজস্ব আদায়ের ক্ষেত্রে কর কর্মকর্তাদের কোনো ধরনের গাফিলতি বা অবহেলা সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।
শনিবার সকালে সারাদেশের কর কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ হুঁশিয়ারি দেন। এ বিষয়ে সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে তিনি বলেন, ''বৈঠকে সবাইকে রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের চ্যালেঞ্জ নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলে কর্মকর্তাদের আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি।"
রাজস্ব আদায় কার্যক্রম জোরদার করতে সরকারি ছুটির দিন হওয়ার পরও কর কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক আয়োজন করা হয় বলে তিনি জানান।
এনবিআরের চেয়ারম্যান বলেন, ''কথার সঙ্গে কাজের মিল রেখে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে, শুধু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বসে থাকলে চলবে না, সে লক্ষ্যমাত্রা পূরণের জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। করদাতাদের কর দিতে উৎসাহিত করতে হবে। একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।''
তিনি বলেন, ''চলতি ২০০৭-০৮ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার ৫১ কোটি ৪৬ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে নয় হাজার ৩০১ কোটি ৫ লাখ টাকা। অর্থাৎ টার্গেটের চেয়ে ২৫০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।"
বাকি নয় মাসেও এ সাফল্য অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আবদুল মজিদ বলেন, ''করদাতাদের সঙ্গে আমরা বন্ধুসুলভ সম্পর্ক গড়ে তুলতে চাই। বৈঠকে করকর্মকর্তাদের আমি এ বিষয়টিই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছি।"
সেগুনবাগিচা রাজস্ব বোর্ড মিলনায়তনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের প্রায় ৫০ জন কর্মকর্তা অংশ নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএ/২০৪০ ঘ.
bdnews24