ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিদ্যুৎ, সিমেন্ট ও ব্যাংকিং খাতের ওপর ভর করে সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে। একদিনেই ৫৪ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ছাড়িয়ে গেছে ২৯৪০ এর ঘর।
কেন্দ্রীয় ব্যাংক ২০০৯ সালের জুনের মধ্যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করতে বলায় বৃহস্পতিবার ব্যাংক খাতের প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ছিল চাঙা।
ইক্যুয়িটি পার্টনার এর মনিরা খান বলেন, "আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিশোধিত মূলধন বাড়ানোর জন্য সময় বেধে দেওয়ায় এই খাত থেকে বিনিয়োগকারীদের প্রত্যাশা বেড়ে গেছে। বৃহস্পতিবারের বাজারে এরই প্রভাব পড়েছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫৪ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ৮৮ শতাংশ বেড়ে ২৯৪০ দশমিক ১৪ পয়েন্ট হয়। এর আগে গত ২৫ অক্টোবর সাধারণ সূচক সর্বোচ্চ ২৯০১ দশমিক ৯৯ পয়েন্ট স্পর্শ করেছিল।
এদিন ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪২ দশমিক ৭২ পয়েন্ট বা ১ দশমিক ৭৪ শতাংশ বেড়ে হয়েছে ২৪৯৪ দশমিক শূন্য ১ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ বেড়ে ২২৫২ দশমিক ২১ পয়েন্ট হয়।
আইডিএলসি'র বিশ্লেষক আরিফ খান বলেন, "অবস্থা দেখে মনে হচ্ছে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলোর প্রকৃত অবস্থার চেয়ে কৌশলগত বিষয়গুলোতে বেশি গুরুত্ব দিচ্ছে। তবে আমি খুচরা বিনিয়োগকারীদের ব্যাপারে উদ্বিগ্ন। লাভের মুখ দেখেছে এমন কেউ কেউ ওই টাকা দিয়ে বিশেষ কিছু শেয়ারে আবারো বিনিয়োগ করছেন। ওই শেয়ারের দাম না কমা পর্যন্ত তার বার বার বিনিয়োগ করে চলেছেন।"
এইমস বাংলাদেশের ইওয়ার সাইদ বলেন, "বাজারের আচরণ যথেষ্ট যৌক্তিক, তবে এখনও খুব বেশি চড়া।"
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৪৯ কোটি টাকার এক কোটি ২০ লাখ ৬৫ হাজার ৪৭৭টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৩৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।
দিনশেষে লেনদেনের শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম এক দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৬৪০ টাকা ৭৫ পয়সা হয়।
সামিট পাওয়ারের শেয়ারের দাম ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে হয়েছে ১৫৭৩ টাকা।
ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ১৫১৬ টাকা ৭৫ পয়সা হয়েছে। দিনশেষে বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ১৩ শতাংশ কমে ১০৯৬ টাকা হয়। তবে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক, আল-আরাফা ব্যাংক, ওয়ান ভ্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক ও যমুনা ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
ভারত থেকে ক্লিংকার আমদানির সমস্যা কেটে যাচ্ছে এমন গুঞ্জনে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম ৮ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৪৩৪ টাকা ৫০ পয়সায় দাঁড়ায়।
বৃহস্পতিবার সিমেন্ট, জ্বালানি, ব্যাংক ও আর্থিক খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখি ছিল। সিএসইতে ৪১ কোটি ৩১ লাখ টাকার ২৮ লাখ ৪৯ হাজার ৬০৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৭টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/জেকে/২১৪৫ ঘ.
bdnews24