২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনশেষে পুঁজিবাজারে তেজিভাব

বিদ্যুৎ, আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার পুঁজি বাজার চাঙ্গা ছিল। লেনদেনে তেজিভাবে বড় ভূমিকা রেখেছে সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, আর্থিক প্রতিষ্ঠান ও সিমেন্ট খাতের বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বাড়ায় মঙ্গলবার পুঁজি বাজার চাঙ্গা ছিল। লেনদেনে তেজিভাবে বড় ভূমিকা রেখেছে সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম বৃদ্ধি। কেন্দ্রীয় ব্যাংকের 'সমস্যাগ্রস্ত ব্যাংকের' তালিকা থেকে অব্যাহতি পেয়েই মঙ্গলবার লেনদেনের তালিকার শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এর শেয়ারের দাম ১২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে হয়েছে ৫৬১ টাকা। সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ারের দাম বাড়া প্রসঙ্গে আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফিন্যান্সের পুঁজিবাজার বিশ্লেষক আরিফ খান বলেন, "গত সপ্তাহ থেকেই এমনটি আশা করা হচ্ছিল। তবে ব্যাংকটির শেয়ারের দাম এত বাড়ার পেছনে কোনো যুক্তিযুক্ত কারণ আমি দেখি না। শিগগিরই ব্যাংকটির মুনাফা বাড়ার তেমন কোনো মৌলিক কারণ ঘটেনি।" একটি ব্যাংকের মূলধন, সম্পত্তি, ব্যবস্থাপনা, আয়, অর্থের তারল্য নির্দিষ্ট সময় পর্যন্ত খারাপ অবস্থায় থাকলে কেন্দ্রীয় ব্যাংক সেটিকে সমস্যগ্রস্ত ব্যাংক হিসেবে তালিকাভুক্ত করে। আরিফ জানান, "বিভিন্ন ধরনের জল্পনা ও প্রত্যাশার কারণে অনেক শেয়ারের দাম বেড়েছে যা ওই সব প্রতিষ্ঠানের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" তিনি বলেন, "সত্যিকার অর্থে, যুক্তি দিয়ে বাজার বিশ্লেষণ করা কঠিন হয়ে উঠছে।" এইমস বাংলাদেশের ইয়াওর সাইদ বলেন, "মূলত ভালো মানের শেয়ারের সরবরাহ কম থাকায় বিনিয়োগকারীরা কোনো ইতিবাচক সংবাদে অনেক বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন।" তার মতে, সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লি. সমস্যাগ্রস্ত ব্যাংকের তালিকা থেকে অব্যাহতি পাওয়ায় বাজারে তারা ঋণ অনুমোদন, লভ্যাংশ ঘোষণা ও নতুন শাখা খোলার ব্যাপারে কিছুটা স্বাধীনতা পাবে। তিনি বলেন, "কিন্তু আমরা দেখতে চাই তারা এই সুযোগের সদব্যবহার করে কিনা।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ৩৯ পয়েন্ট বা দশমিক ৫৩ শতাংশ বেড়ে ২৮৮৫ দশমিক ৬৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে হয়েছে ২৪৫১ দশমিক ২৮ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ১৬ শতাংশ বেড়ে ২২২৪ দশমিক ৬৩ পয়েন্ট হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯৫ কোটি টাকার এক কোটি ৩ লাখ ৮৪ হাজার ১৬৯টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ৮৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির। পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৯২ শতাংশ বেড়ে ৬২৯ টাকা ৫০ পয়সা হয়। তবে জ্বালানি খাতের অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। সিমেন্ট খাতে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ারের দাম এক শতাংশ বেড়ে ৪০১ টাকা হয়। বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৩৪ শতাংশ কমে হয়েছে ১৪৯৫ টাকা ২৫ পয়সা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার ৬ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৬০৮ টাকা হলেও ট্রাস্ট ব্যাংকের শেয়ার দশমিক ৫২ শতাংশ কমে ১০৯৮ টাকা ২৫ পয়সা হয়েছে। ইউসিবিএল এর শেয়ারের দামও কমেছে তবে এনসিসি ও ওয়ান ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে। ওষুধ খাতে স্কয়ার ফার্মার শেয়ারের দাম কমেছে। মঙ্গলবার ব্যাংক, বন্ধকী প্রতিষ্ঠান ও বীমা খাতের ওপর ভর করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৩১ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকার ২১ লাখ ৯৫ হাজার ৫৭১টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬৮টির দাম কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএআর/এমএইচবি/২০১৮ ঘ.