ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - দেশে দুর্নীতিবিরোধী অভিযান আরও জোরদার ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ সহায়তা দেবে। বাজেট সহায়তা হিসেবে এক শতাংশ সুদে এ ঋণ দেওয়া হবে।
এডিবির ''সুশাসন কর্মসূচি'' আওতায় আাগামী চার বছরে মোট তিন কিস্তিতে এ ঋণ দেওয়া হচ্ছে। প্রথম কিস্তিতে পাঁচ কোটি ডলার দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে দেওয়া হবে যথাক্রমে পাঁচ কোটি ৫০ লাখ ডলার ও চার কোটি ৫০ লাখ ডলার।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব আমিনুল ইসলাম ভূইয়া এবং এডিবির পক্ষে সংস্থার আবাসিক প্রতিনিধি হুয়া দু চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হুয়া দু বলেন, ''নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা বর্তমান সরকারের একটি ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্ত। এর মাধ্যমে মানূষ সুবিচার পাবে।''
বিচার বিভাগ আলাদা করার সিদ্ধান্ত নেওয়ায় তিনি সরকারকে অভিনন্দন জানান।
এডিবির আবাসিক প্রতিনিধি বলেন, "সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকার যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তা জোরদার করতেই এ সহায়তা দেওয়া হচ্ছে।"
বিচার বিভাগকে শক্তিশালী করা ও সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এ সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমিনুল ইসলাম বলেন, ''সুশাসনের অভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়ন থমকে আছে। এমন অনেক বিষয় আছে যেগুলো আগেই সংস্কার করা উচিত ছিল। এডিবির এ সহায়তা দেশে সুশাসন প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখবে বলে আমি মনে করি।''
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এমএইচবি/২০৫৬ ঘ.
bdnews24