২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা তুলে নেওয়ায় পুঁজিবাজারে দরপতন

বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার হুড়োহুড়িতে বৃহস্পতিবার দিনের মাঝমঝি ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটে। গ্রাহকদের মধ্যে একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সমন্বয়ের কার্যক্রমও এই দরপতনে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার হুড়োহুড়িতে বৃহস্পতিবার দিনের মাঝমঝি ঢাকার পুঁজিবাজারে দরপতন ঘটে। গ্রাহকদের মধ্যে একটি বাণিজ্যিক ব্যাংকের ঋণ সমন্বয়ের কার্যক্রমও এই দরপতনে যথেষ্ট ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। বেলা সোয়া বারোটা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ২৩ দশমিক ১৬ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ কমে দুই হাজার ৮২৭ দশমিক ৬৪ পয়েন্ট হয়েছে। অন্যদিকে, ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৪ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৬১ শতাংশ কমে দুই হাজার ৪০০ দশমিক ৫৮ পয়েন্টের ঘরে অবস্থান করছে। দিনের মধ্যভাগ পর্যন্ত লেনদেনকৃত ১৮৮টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম কমে যাওয়া কোম্পানির সংখ্যাই বেশি। এ সময়ের মধ্যে দাম ৪৪টি কোম্পানির শেয়ারের দাম বাড়লেও ১২৮টিরই কমেছে । আর ১৬টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। মোট ৯০ কোটি ৬৭ লাখ ৪০ হাজার টাকা সমমূল্যের ৬৬ লাখ ৯০ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়েছে। বেলা ১২টা ৩ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে ছিল অ্যাটলাস বাংলাদেশ। ক্রেতাদের মধ্যে এ কোম্পানির শেয়ারের চাহিদা ছিল ব্যাপক। মূলত ১২৪ শতাংশ নগদ মুনাফা এবং একটি করে বোনাস শেয়ার দেওয়ার ঘোষণা এ কোম্পানির শেয়ারের প্রতি ক্রেতাদের আকৃষ্ট করে তোলে। ৫০৪ টাকা ১০ পয়সা থেকে বেড়ে ৫১৪ টাকা ৯০ পয়সা হয়েছে এ কোম্পানির প্রতি শেয়ারের দাম। এদিকে, বাজারে এসেই হৈচৈ বাধিয়ে দেয়া ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় এ ব্যাংকের শেয়ারের দাম গত দিনের এক হাজার ৯৩ টাকা ৭৫ পয়সা থেকে কমে এক হাজার ৭০ টাকা হয়েছে। এ ছাড়া ইউসিবিএল ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দামও কমেছে। ইউসিবিএল এর শেয়ারের দাম চার হাজার ৭৩৩ টাকা ৭৫ পয়সা থেকে কমে চার হাজার ৬৮০ টাকা এবং ব্র্যাক ব্যাংকের শেয়ার এক হাজার ৪৭৯ টাকা ৫০ পয়সা থেকে কমে এক হাজার ৪৬৮ টাকা হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতার প্রভাব পড়েছে সোশ্যাল ইনভেস্টমেন্ট, এবি ও ইসলামী ব্যাংকের শেয়ার লেনদেনেও। মাঝ বেলা পর্যন্ত এ তিনটি ব্যাংকের শেয়ারেরই দরপতন ঘটেছে। এ ছাড়া কমেছে বেক্সিমকো ফার্মার শেয়ারের দামও। ৮১ টাকা ৬০ পয়সা থেকে ৮০ টাকা হয়েছে গ্রামীণওয়ান মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এসকে/১৫৩৫ঘ.