ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - এখন থেকে দেড় লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ বা মুনাফা থেকে কোনো কর কেটে রাখা হবে না। সরকার এ সংক্রান্ত অধ্যাদেশ সংশোধন করেছে।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর অনু বিভাগের সদস্য আলী আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আমি আশা করি এর ফলে সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে কর আরোপ নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল তার সমাধান হবে।"
এর আগে ১০ জুলাই এনবিআর সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে উৎসে কর কর্তনের ঘোষণা দিয়ে একটি আদেশ জারি করে। ওই আদেশে বলা হয়, সঞ্চয়পত্রের মুনাফা বছরে ২৫ হাজার টাকার বেশি হলেই ১০ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে।
এনবিআর এর এ আদেশের পর নিু আয়ের মানুষ সঞ্চয়পত্রের ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলে। তাদের মধ্যে এ খাত থেকে বিনিয়োগ প্রত্যাহারের প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া নির্দিষ্ট আয়ের বিনিয়োগকারীরা শেয়ারবাজারের প্রতি ঝুঁকতে শুরু করে।
এ বছর জুলাই থেকে আগস্ট পর্যন্ত সঞ্চয়পত্রের বিক্রি গত বছরের এ সময়ের তুলনায় ১০ দশমিক ৭৪ শতাংশ কমে যায়। গত বছর এ সময়ে সঞ্চয়পত্রের বিক্রির পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৮৫৪ কোটি টাকা। অন্যদিকে এ বছর একই সময়ে বিক্রির পরিমাণ ছিল প্রায় দুই হাজার ৫৪৮ কোটি ঢাকা। অথচ সঞ্চয়পত্রের বিপরীতে পরিশোধিত অর্থের পরিমাণ গত বছরের আট দশমিক ৮৪ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩ দশমিক ৮২ শতাংশ।
সংশোধিত অধ্যাদেশে বলা হয়, "সঞ্চয়পত্রের মুনাফার পরিমাণ আয়কর বছরে দেড় লাখ টাকার বেশি না হলে কর কর্তন করা হবে না।"
সোমবার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ 'আয়কর (সংশোধন) অধ্যাদেশ ২০০৭' জারি করেন। মঙ্গলবার তা গেজেট আকারে প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়, অধ্যাদেশটি ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
গত ৬ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সঞ্চয়পত্রের দেড় লাখ টাকা পর্যন্ত মুনাফা করমুক্ত রাখার সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএসবি/এসকে/২৩৫২ঘ.
bdnews24