২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন চলছেই

মুনাফা তুলে নেওয়া অব্যাহত থাকায় ও মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দেওয়া কমিয়ে দেওয়ায় বুধবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো তাদের ঋণের সমন্বয় করছে বলে মনে হচ্ছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও অব্যাহত রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 01:49 PM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুনাফা তুলে নেওয়া অব্যাহত থাকায় ও মার্চেন্ট ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দেওয়া কমিয়ে দেওয়ায় বুধবার শেয়ার বাজারে লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "মার্চেন্ট ব্যাংকগুলো তাদের ঋণের সমন্বয় করছে বলে মনে হচ্ছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও অব্যাহত রয়েছে।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে ২৮৫০ দশমিক ৮১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১০ দশমিক ৪৭ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ বেড়ে হয়েছে ২৪১৫ দশমিক ৩৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে ২২০৭ দশমিক ১৯ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬৯ কোটি টাকার এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৪৪৩টি শেয়ার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ২০২ কোটি টাকা। ডিএসইতে ৮৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম। আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি'র পুঁজিবাজার বিশ্লেষক আরিফ খান জানান, মার্চেন্ট ব্যাংকগুলো ঋণ সমন্বয় করার কারণে বিনিয়োগকারীদের শেয়ার কেনা বাধাগ্রস্ত হয়েছে। অনেক বিনিয়োগকারী মুনাফা তুলে নিচ্ছেন। আবার অনেকে দর্শকের ভূমিকায় আছেন। দিনশেষে লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ২০ শতাংশ বেড়ে হয়েছে ১০৯৩ টাকা ৭৫ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৭৭ শতাংশ কমে ১৪৭৯ টাকা ৫০ পয়সা হয়। সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের শেয়ার দশমিক ০৫ শতাংশ বেড়ে ৪৫৪ টাকা ৫০ পয়সায় পৌঁছায়। এছাড়া মুনাফা তুলে নেওয়ায় ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউসিবিএল এর শেয়ারের দাম কমেছে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম দশমিক ৫৫ শতাংশ কমে ৬২৩ টাকা ৫০ পয়সা হয়। তবে বিদ্যুৎ খাতের অপর বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেড়েছে। জ্বালানী খাতে পদ্মা অয়েলের শেয়ার ২ দশমিক ১৯ শতাংশ বেড়ে ১১৪৫ টাকা ৭০ পয়সা হয়েছে। বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই-৩০ মূল্য সূচক ছাড়া বাকি শেয়ার সূচকগুলো নিম্নমুখী ছিল। সিএসইতে ২৬ কোটি ৬৮ লাখ ১০ হাজার টাকার ২৪ লাখ ২২ হাজার ১৩৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬১টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯২০ ঘ.