ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মাত্রাতিরিক্ত দামের কথা স্বীকার করেছেন খোদ ব্যবসায়ী নেতারা। তাদের আশঙ্কা, আগামী দুই তিন মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ পরিস্থিতিতে সরকারকে সরাসরি পণ্য আমদানির পরামর্শ দিয়েছেন তারা।
মঙ্গলবার বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর প্রধান কার্যালয়ে ব্যবসায়ী, যৌথবাহিনী ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় ও পরামর্শ সভায় ব্যবসায়ীরা তাদের আশঙ্কার কথা জানান।
সভায় বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ব্যবসায়ীদের প্রতি পণ্য আমদানি জোরদার করার আহ্বান জানান। বিডিআর পরিচালিত পণ্য বিক্রি কার্যক্রমের উল্লেখ করে তিনি বলেন, "রমজানে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল তা ছিল পরীক্ষামূলক। আমাদের আবার পরিকল্পনা করা প্রয়োজন। আগামী ছয় মাসেও পরিস্থিতির উন্নতি হবে বলে মনে হচ্ছে না।"
এফবিবিসিআই এর সভাপতি মীর নাসির দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না থাকার কারণ হিসেবে চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যপক ব্যবধানকে চিহ্নিত করেন। তিনি বলেন, "ভারত অনেক পণ্যের রপ্তানি বন্ধ করে দেওয়ায় স্থানীয় বাজারে এর প্রভাব পড়েছে। বিশ্ববাজারের বর্তমান পরিস্থিতিতে অভিজ্ঞ ব্যবসায়ীরাও করণীয় ঠিক করতে পারছে না।"
আন্তর্জতিক বাজারে ডলারের দাম বেড়েছে জানিয়ে তিনি বলেন, "আমরা বার বার কেন্দ্রীয় ব্যাংককে এ বিষয়ে হস্তক্ষেপ করতে বলেছি। দেরিতে হলেও কেন্দ্রীয় ব্যাংক আমাদের কথা শুনেছে।"
তিনি বাজার নিয়ন্ত্রণের পরিবর্তে বাস্তব ভিত্তিক বাজার পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ব্যবসায়ী নেতা আবদুর রউফ চৌধুরী স্বীকার করেন, "নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ের বাইরে চলে গেছে। আগামী দুই তিন মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।"
তিনি বলেন, "চাল ছাড়া ডাল, গম, তেল, পিয়াজের মোট চাহিদার পাঁচ ভাগের মধ্যে আমদানি করতে হয় চার ভাগ। এটি যে কোনো দেশের জন্য আতঙ্কের বিষয়। কিছুদিন পরে সয়াবিনের কেজি একশ টাকা হবে বলে ভয় হচ্ছে।"
এ পরিস্থিতিতে সরকারের নিজের আমদানিকারক হওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন আবদুর রউফ। তিনি বলেন, "২০ থেকে ২৫ ভাগ পণ্য সরকার আমদানি করতে পারে। এতে ব্যবসায়ীদের ওপর চাপ থাকবে।"
আমদানিকারক ফজলুর রহমান দাবি করেন, প্রতি টন ভোজ্য তেলে এখন চার থেকে পাঁচ হাজার টাকা লোকসান দিতে হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত সয়াবিন তেলের মজুদ আছে জানিয়ে তিনি বলেন, " সয়াবিন আমদানী করতে ৩ মাস সময় লাগে। এখনই তাই সরকারকে দ্রুত গতিতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।"
মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা ভোজ্য তেলের ওপর ভ্যাট প্রত্যাহার করার দাবি জানান। এছাড়া, ব্যবসায়ীদের ঢালাওভাবে দোষ না দিয়ে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে আমদানি পরিকল্পনা তৈরির জন্য সরকারকে তাগিদ দেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/
bdnews24