চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন হ্যান্ডলিং শুল্কসহ কয়েকটি খাতে ভাড়া বাড়ানোয় উদ্বেগ প্রকাশ করেছে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ (সিসিসিআই)।
প্রধান উপদেষ্টার কাছে সোমবার পাঠানো এক ফ্যাক্স বার্তায় সিসিসিআই সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, "বন্দরে বিভিন্ন ধরনের চার্জ বৃদ্ধির কারণে ব্যবসা পরিচালনার ব্যয় বৃদ্ধি পাবে। ফলে এ বন্দরের মাধ্যমে আমদানিকৃত পণ্য ও রপ্তানিযোগ্য পণ্যের কাঁচামালের দাম বেড়ে যাবে।"
বন্দরে গ্যান্ট্রি ক্রেন হ্যান্ডলিং ট্যারিফ, টাগ বোট ভাড়া এবং জাহাজে সুপেয় পানি সরবরাহের দাম বাড়ানোর ফলে বন্দর আবার ব্যয়বহুল হয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা ছাড়া একতরফা চার্জ বৃদ্ধির সমালোচনা করে চেম্বার সভাপতি বলেন, "এতে পণ্য হ্যান্ডলিং ব্যয় বাড়ার ফলে প্রতিযোগিতামূলক মূল্যে পণ্য সরবরাহের ব্যর্থতায় অনেক রপ্তানিকারক বৈদেশিক ক্রেতা হারাবেন।"
তৈরি পোশাক রপ্তানিসহ অন্য খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
শুল্ক ও ভাড়া বাড়ানোর পরিবর্তে বন্দরে গতিশীলতা এনে খরচ কমানো এবং বাড়তি চার্জ প্রত্যাহারের ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানিয়েছেন সাইফুজ্জামান চৌধুরী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এমএসবি/২২৩১ ঘ.
bdnews24