ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ার থেকে মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় সোমবার মাঝ দিনেই দরপতনের মুখে পড়েছে ঢাকার পুঁজিবাজার।
দিনের শুরুতে ইসলামী ব্যাংক ও রূপালী ব্যাংকের শেয়ার লেনদেনের বদৌলতে বাজার চাঙা হয়ে উঠলেও ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ার বিক্রির চাপে পরবর্তী আধ ঘণ্টার মধ্যেই বাজার পড়তে শুরু করে। মাঝখানে একবার বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠলেও দ্বিতীয় সেশন শুরুর আগে আবারও হোঁচট খায়।
এই সময়ের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূচক ৩৯ দশমিক ৭২ পয়েন্ট বা এক দশমিক ৩৭ শতাংশ কমে দুই হাজার ৮৪৭ দশমিক ২৩ পয়েন্ট হয়। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক এক দশমিক ১৪ শতাংশ বা ২৮ দশমিক ০৯ পয়েন্ট হারিয়ে দুই হাজার ৪২০ দশমিক ৩৩ পয়েন্ট হয়েছে।
মাঝ বেলা পর্যন্ত লেনদেনকৃত ২০১টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১৪০টির এবং ১৫ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।
বেলা ১২টা ২৩মিনিট পর্যন্ত বাজারে লেনদেনের দিক দিয়ে সবচেয়ে সক্রিয় ছিল ইসলামী ব্যাংকের শেয়ার। ব্যাংকটির শেয়ার পাঁচ হাজার ৫৮৯ টাকা থেকে বেড়ে পাঁচ হাজার ৭৯০ টাকা হয়েছে।
তবে লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৫১০ টাকা থেকে কমে এক হাজার ৪৬৫ টাকায় লেনদেন হচ্ছে।
এ ছাড়া বাজারে এসেই হৈচৈ ফেলে দেওয়া ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দামও কমতে শুরু করেছে। কমেছে এবি ব্যাংকের শেয়ারের দামও। ট্রাস্ট ব্যাংকের শেয়ার এক হাজার ১৫৬ টাকা ২৫ পয়সা থেকে কমে এক হাজার ১১৯ টাকা এবং এবি ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৯৫৯ টাকা ৫০ পয়সা থেকে কমে দুই হাজার ৮৯০ টাকা হয়েছে।
তবে রূপালী ব্যাংকের বড় অংশের শেয়ার হোল্ডার সৌদি যুবরাজ বন্দর বিন আব্দুল রহমান আল সৌদ ব্যাংকটি হস্তান্তরে সরকারের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর করতে আসছেন- এ খবরে বেড়েছে এ ব্যাংকটির শেয়ারের দাম।
গত বছর এই সৌদি যুবরাজ ব্যাংকটির ৯৪ শতাংশ শেয়ার ৪৫৮ মিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব দেয়। তবে চূড়ান্ত স্বাক্ষর এখনো অসম্পূর্ণ রয়েছে।
রূপালী ব্যাংকের শেয়ারের দাম দুই হাজার ৮৭৫ টাকা থেকে বেড়ে দুই হাজার ৯৮০ টাকা হয়েছে। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় ব্যাক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৭৬ টাকা ৮০ পয়সা থেকে কমে ৭৫ টাকা হয়েছে।
বাজারে লেনদেনে থাকা অন্য ভালো কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণ ওয়ান মিউচ্যুয়াল ফান্ড, সামিট পাওয়ার, সামিট পাওয়ার, এআইএমএস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও ইউসিবিএলের শেয়ারের দাম পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/এমএ/১৩৪৫ঘ.
bdnews24