২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেসকোর শেয়ার বিক্রির চাপে পুঁজি বাজারে দরপতন

বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় রোববার শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুতে চাঙ্গা থাকলেও মাঝভাগে এসে বাজার পড়ে যায়। মূলত ডেসকোর শেয়ার বিক্রির চাপে সাধারণ সূচক ১৫ পয়েন্ট নেমে যায়। এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম ১৫ দশমিক ৬৯ শতাংশ কমে হয়েছে ১১৬৪ টাকা ২৫ পয়সা। প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশে হতাশ হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় ডেসকোর শেয়ারের দাম কমেছে। ২০০৬-০৭ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ মুনাফার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2007, 01:54 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ ও ব্যাংকিং খাতের বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় রোববার শেয়ার বাজারে দরপতন ঘটেছে। দিনের শুরুতে চাঙ্গা থাকলেও মাঝভাগে এসে বাজার পড়ে যায়। মূলত ডেসকোর শেয়ার বিক্রির চাপে সাধারণ সূচক ১৫ পয়েন্ট নেমে যায়। এদিন লেনদেনের তালিকার শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম ১৫ দশমিক ৬৯ শতাংশ কমে হয়েছে ১১৬৪ টাকা ২৫ পয়সা। প্রতিষ্ঠানটির ঘোষিত লভ্যাংশে হতাশ হয়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দেওয়ায় ডেসকোর শেয়ারের দাম কমেছে। ২০০৬-০৭ অর্থবছরের জন্য ২৫ শতাংশ নগদ মুনাফার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি ও সামিট পাওয়ারের শেয়ারের দামও এদিন কমেছে। ব্যাংকিং খাতে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বলেন, "অবস্থা দেখে মনে হচ্ছে বাজার এখন যথেষ্ট পরিপক্ক হয়ে উঠেছে। সুতরাং বাজার যথেষ্ট স্থিতিশীল থাকবে বলেই আশা করা যায়।" দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১৫ দশমিক ০৩ পয়েন্ট বা দশমিক ৫১ শতাংশ কমে ২৮৮৬ দশমিক ৯৫ পয়েন্ট হয়। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২২ দশমিক ৩৫ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ কমে হয়েছে ২৪৪৮ দশমিক ৪৩ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ২২৪২ দশমিক ২৪ পয়েন্ট হয়েছে। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৯ কোটি টাকার ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৫৪২টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ৯টির দাম। ব্যাংকিং খাতের মধ্যে লেনদেনের শীর্ষে থাকলেও এদিন ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম কমেছে। দশমিক ৮৫ শতাংশ কমে হয়েছে ১১৫৬ টাকা ২৫ পয়সা। এস এ আর সিকিউরিটিজ এর কর্মকর্তা শরীফ আতাউর রহমান বলেন, বিনিয়োগকারীদের দূরদর্শীতার অভাবে ট্রাস্ট ব্যাংকের শেয়ার কেনা অব্যহত আছে। খোদ ব্যাংক কর্তৃপক্ষ বলছে শেয়ারের বর্তমান দাম তাদের মূলধনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারপরও বনিয়োগকারীরা শেয়ার কিনছে। এটা অদূরদর্শীতা। এবি ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ১১ শতাংশ কমে ২৯৫৯ টাকা ৫০ পয়সা হয়েছে। মুনাফা তুলে নেওয়ায় ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম দিনশেষে দশমিক ৮৫ শতাংশ কমে ১৫১০ টাকায় পৌঁছে। রূপালী ব্যাংকের শেয়ারের দামও কমেছে। ওষুধ খাতে বেক্সিমকো ফার্মার শেয়ার ৯ দশমিক ৮৭ শতাংশ বেড়ে ৭৬ টাকা ৮০ পয়সা হয়। কমেছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দামও। বিদ্যুত ও ব্যাংকিং খাতের শেয়ারের দাম কমায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক এদিন নিম্নমুখী ছিল। সিএসইতে ৪১ কোটি ৪৯ লাখ ১০ হাজার টাকার ৪৯ লাখ ৮৫ হাজার ৩১৫টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৫৮টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/জেকে/১৯৩৬ ঘ.