ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - টানা দুই দিনের দরপতনের পর বৃহস্পতিবার ব্যাংক ও বিদ্যুৎ খাতের শেয়ারের দাম বাড়ায় চাঙ্গা অবস্থায় সপ্তাহ শেষ করেছে শেয়ার বাজার।
আর্থিক প্রতিষ্ঠান ইক্যুইটি পার্টনার্স লি. এর বাজার বিশ্লেষক সাইফুল ইসলাম বলেন, বাজারে আরো সংশোধনীর প্রয়োজন কারণ অনেক শেয়ার এখনও মানের তুলনায় বেশি দামে বিক্রি হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার বার বার সতর্কবাণীর পরও বিনিয়োগকারীরা তেমন সতর্ক নন।
শেয়ার কেনার চাপ থাকায় দিনের শুরুতেই সূচকে ঊর্ধ্বগতি দেখা যায়। দিনের শেষভাগেও একই গতি বজায় থাকে।
লেনদেনের শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১১৬৬ টাকা ৫০ পয়সা হয়।
রুপালী ব্যাংক ও সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকও লেনদেনের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখে।
ডেসকো ২০০৬ সালের জন্য শেয়ার প্রতি ২০ শতাংশ মুনাফা ঘোষণা করে। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম আগের রেকর্ডকে অতিক্রম করে। ডেসকোর শেয়ারের দাম ৪ দশমিক ০৪ শতাংশ বেড়ে ১৩৮১ টাকায় পৌঁছে।
এসএআর সিকিউরিটিজ এর কর্মকর্তা শরিফ আতাউর রহমান বলেন, জল্পনা অথবা হুজুগে কান না দিয়ে বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানের দিকে নজর দেওয়া দরকার।
চাহিদার তুলনায় শেয়ারের সংখ্যা কম থাকায় বাজারে এমন ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, ভালো মানের শেয়ারের সরবরাহ না বাড়ালে এ অবস্থার পরিবর্তন হওয়া কঠিন।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪৫ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৫৯ শতাংশ বেড়ে ২৯০১ দশমিক ৯৯ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪২ দশমিক ৯৭ পয়েন্ট বা এক দশমিক ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ২৪৭০ দশমিক ৭৯ পয়েন্ট। আর ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৫০ দশমিক ০৩ পয়েন্ট বা ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে ২২৩১ দশমিক ১৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২২৭ কোটি টাকার এক কোটি ৮৩ লাখ ১৯ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ১৭টির দাম।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের শেয়ারে দাম বাড়লেও মুনাফা তুলে নেওয়ায় সামিট পাওয়ারের শেয়ারের দাম দশমিক ৫৮ শতাংশ কমে ১৫৬০ টাকা হয়েছে।
ওষুধ খাতে বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৯ দশমিক ৯০ শতাংশ বেড়ে ৬৯ টাকা ৯০ পয়সা হয়।
গ্রামীণ১ মিউচুয়াল ফান্ড ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই খাতে শেয়ারের দাম বাড়ায় নেতৃত্ব দেয়।
পুঁজিবাজার বিশেষজ্ঞ মইন আল কাশেম বিনিয়োগকারীদের মুনাফা তোলার পরামর্শ দিয়ে বলেন, এটা লাভ তুলে নেওয়ার উপযুক্ত সময়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ঊর্ধ্বমুখী ছিল। এই বাজারে ৯০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩০টির দাম কমেছে এবং ৮টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে ৩৫ কোটি ১৬ লাখ ৭০ হাজার টাকার ৩৯ লাখ ১৯ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/টিএইচ/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24