ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সার আমদানিতে ঋণপত্র (এলসি) খোলাসহ সব ধরনের ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করতেই এ নির্দেশ দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের একটি সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বুধবার সার্কুলারটি জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
এতে বলা হয়েছে, পর পর দুই দফা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষিখাত সার সঙ্কটের জন্য যাতে আরো ক্ষতির মুখে না পড়ে সেজন্য আসন্ন ইরি-বোরো মৌসুমে জমিতে ইউরিয়ার পাশাপাশি ফসফেট ও টিএসপি সার দেওয়া প্রয়োজন। আর সময়সমতো বিদেশ থেকে প্রয়োজনীয় সার আমদানি করতে হলে এখনই ঋণপত্র খুলতে হবে। কাজেই সার আমদানির কাজে ব্যাংক-গ্রাহক সর্ম্পকের ভিত্তিতে ঋণপত্র খোলাসহ ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০০০৯ ঘ.
bdnews24