ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজস্ব আদায় বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালানোর অঙ্গীকার জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। সোমবার দুপুরে দায়িত্ব বুঝে নেওয়ার পর এনবিআর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "রাজস্ব আদায় বাড়াতে প্রয়োজনে কর্মকর্তাদের নিয়ে ২০ ঘণ্টা কাজ করবো।"
চলতি অর্থ বছরকে দেশের অর্থনীতির জন্য 'ক্রান্তিকাল' অভিহিত করে তিনি বলেন, "পর পর দুটি বন্যা হয়ে গেছে। আমন ও আউশের ক্ষতি হয়েছে ব্যাপক। খাদ্য ঘাটতিরও আশঙ্কা রয়েছে। এ অবস্থায় যেমন করে হোক রাজস্ব আদায় বাড়ানোই হবে আমার ফরজ কাজ।"
অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, "অর্থনীতিতে গতিশীলতা আনতে রাজস্ব আদায় বাড়ানোর বিকল্প নেই। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অনেক বেড়ে গেছে। তেল আমদানির অর্থ যোগাতে গিয়ে সরকারকে সঙ্কটে পড়তে হচ্ছে। এদিকে সারা বিশ্বেই সাহায্যের পরিমাণ কমে আসছে। এখন আমাদের বিদেশি সাহায্যের ওপর নির্ভর করা উচিত হবে না। বিদেশি সাহায্য নিয়ে সুদ-আসল শোধ করতেই বাজেটের ১৩ শতাংশ চলে যায়। এ অবস্থায় অভ্যন্তরীণ সম্পদ বাড়ানো ছাড়া আমাদের কোনো পথ নেই।"
তিনি আরো বলেন, ''রাজস্ব আদায় না বাড়লে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ আরও বেড়ে যাবে। এতে করে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে।''
চেয়ারম্যান হিসেবে নিজের কর্মপন্থা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ''রাজস্ব আদায় বাড়াতে একদিকে যেমন এনবিআরের ভাবমূর্তি বাড়াতে হবে, অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে যেসব সিস্টেম লস রয়েছে সেগুলোও দূর করতে হবে। কর ফাঁকি রোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। করদাতারা আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ঠিকমতো কর দিচ্ছে কি না
bdnews24