২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানোর তাগিদ

চলতি বছরের শুরু থেকে বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ হওয়ার কারণে শেয়ারের দাম অব্যাহতভাবে বাড়ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে এখনই ভালো মানের শেয়ারের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, ডিএসইতে এখন গড় দৈনিক লেনদেনের পরিমাণ ২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে যা সর্বকালের মধ্যে রেকর্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:48 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের শুরু থেকে বাজারে প্রচুর অর্থ বিনিয়োগ হওয়ার কারণে শেয়ারের দাম অব্যাহতভাবে বাড়ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে এখনই ভালো মানের শেয়ারের সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুসারে, ডিএসইতে এখন গড় দৈনিক লেনদেনের পরিমাণ ২৫০ কোটি টাকায় দাঁড়িয়েছে যা সর্বকালের মধ্যে রেকর্ড। জানুয়ারি থেকেই বিভিন্ন কারণে শেয়ার বাজারে অর্থের প্রবাহ বেড়েছে। এসব কারণের মধ্যে রয়েছে, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পুঁজি বাজারে বর্ধিতহারে প্রবেশ, মার্চেন্ট ব্যাংকগুলোর প্রান্তিক ঋণ,সঞ্চয়পত্রের বিনিয়োগ শেয়ার বাজারে স্থানান্তর বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি ইত্যাদি। অক্টোবর মাসের ১ থেকে ১৮ তারিখের মধ্যে ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ১২ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২৮৬০ দশমিক ৫৬ পয়েন্টে পৌঁছেছে। জুন থেকে সেপ্টেম্বর সময়ে ডিজিইএন সূচক ১৭ দশমিক ৭১ শতাংশ বেড়ে ২১৪৯ দশমিক ৩১ পয়েন্ট থেকে ২৫৪৮ দশমিক ১৮ পয়েন্ট হয়। ডিএসই'র প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ খান বাজারের বর্তমান অবস্থার জন্য ভালো শেয়ারের সংকটকে দায়ী করেন। তিনি জানান, এ কারণে ব্যাংক, ওষুধ ও বিদ্যুৎ খাতের কমসংখ্যক ভালো শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি থাকে। তিনি বলেন, বাড়তি চাহিদা মেটাতে অবিলম্বে ভালো শেয়ারের সরবরাহ বাড়ানো উচিত। পুঁজি বাজার ভালো শেয়ারের সংকটে ভুগছে। এছাড়া এটা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্যও তহবিল বাড়ানোর একটা ভালো সুযোগ। তবে এখন পর্যন্ত বেসরকারি খাতে নতুন শেয়ার ছাড়ার হার উৎসাহব্যঞ্জক নয়। ডিএসই'র তথ্য অনুসারে বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসার অপেক্ষায় আছে। আরও নয়টি প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি জানায়, আগামী দু-এক মাসের মধ্যে যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়ামের ৩০ শতাংশ শেয়ার বাজারে ছাড়া হতে পারে। ডিএসই প্রধান বলেন, ক্রমবর্ধমান শেয়ারের চাহিদার তুলনায় যমুনা ও মেঘনাসহ বেশিরভাগ প্রতিষ্ঠানের আকার যথেষ্ঠ ছোট। তবে ইসলামী ব্যাংক বন্ড এ ধরনের চাহিদা মেটাতে সক্ষম। আইসবি'র ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক খন্দকার জানান, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি ও বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কিছু শেয়ারও ছাড়া হতে পারে। তিনি বলেন, তিতাস ও বাখরাবাদ কোম্পানির শেয়ার দ্রুত বাজারে ছাড়া গেলে শেয়ারের চাহিদা কিছুটা মেটানো যাবে। বাংলাদেশ সিটিগ্র"পের কর্মকর্তা মামুন রশিদ বলেন, "বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের কারণে দুর্বল ভিত্তির প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রচুর বেড়েছে যা একটি আশঙ্কার বিষয়। ভালো মানের শেয়ারের সরবরাহ বাড়াতে আমাদের সবার নজর দেওয়া উচিত।" তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত। কোনো প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণের চাইতে বেশি ঋণ না দেওয়ার ব্যাপারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানানো উচিত বাংলাদেশ ব্যাংকের। এসইসি'র চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীও বাজারের চলমান পরিস্থিতির ব্যাপারে শঙ্কা প্রকাশ করে বলেন, বাজার খুব বেশি গরম। শেয়ারের মূল্য সূচকগুলোর বৃদ্ধি বিবেচনা করলে দেখা যায় এই বৃদ্ধি স্বাভাবিক নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/২০৫৪ঘ.