২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙা থেকেই সপ্তাহ শেষ করলো শেয়ার বাজার

ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় সংশোধনী প্রক্রিয়া পার করে বৃহস্পতিবার চাঙাভাবেই সপ্তাহ শেষ করেছে শেয়ার বাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2007, 02:25 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংকিং খাতের শেয়ারের দাম বাড়ায় সংশোধনী প্রক্রিয়া পার করে বৃহস্পতিবার চাঙাভাবেই সপ্তাহ শেষ করেছে শেয়ার বাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের ভাইস প্রেসিডেন্ট আহমাদ রশিদ লালী বলেন, ব্লু-চিপ প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম বেশি থাকায় বিনিয়োগকারীরা কম দামের ব্যাংকিং শেয়ারের প্রতি আগ্রহী হয়েছে। এছাড়া ব্যাংকগুলো সাধারণত ডিসেম্বর মাসে তাদের মুনাফার পরিমাণ ঘোষণা করে। এটাও ব্যাংকিং শেয়ারের প্রতি আকর্ষণের অন্যতম কারণ। দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৫০ দশমিক ৮৪ পয়েন্ট বা এক দশমিক ৮০ শতাংশ বেড়ে ২৮৬০ দশমিক ৫৬ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৪৩ দশমিক ৫৫ পয়েন্ট বা এক দশমিক ৮২ শতাংশ বেড়ে হয়েছে ২৪২৫ দশমিক ১৩ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩০ দশমিক ০৪ পয়েন্ট বা এক দশমিক ৩৯ শতাংশ বেড়ে ২১৮২ দশমিক ১৮ পয়েন্ট হয়। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪১ কোটি টাকার এক কোটি ৭৬ লাখ ৪৯ হাজার ৮৫৩টি শেয়ার লেনদেন হয়। ১৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির দাম। লেনদেনের তালিকার শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ১৭ শতাংশ বেড়ে হয়েছে ১০৩৬ টাকা ৫০ পয়সা। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১৫২৩ টাকা ৫০ পয়সা হয়। তুলনামূলকভাবে কমদামি শাহজালাল ব্যাংকের শেয়ারের দাম ৭ দশমিক ৮২ শতাংশ বেড়ে ৩৩৭ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়। অন্যান্য কমদামি ব্যাংকিং শেয়ারের মধ্যে ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের দামও বেড়েছে। সামিট পাওয়ারের শেয়ার দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১৬৫৬ টাকা ৫০ পয়সা হয়। ডেসকোর শেয়ারের দাম আগের দিনের ১৩২৩ টাকায় অপরিবর্তিত থেকে দিন শেষ করে। বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচকও ঊর্ধ্বমুখী ছিল। সিএসইতে ৪৫ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকার ৪৯ লাখ ৫১ হাজার ২৫০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৩২টির দাম কমেছে এবং ৫টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/২০১৫ঘ.