ঢাকা, অক্টোবর ১৭-(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্যাংক, বিদ্যুৎ খাত ও মিউচুয়াল ফান্ডে খুচরা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বাজারে মন্দাভাব ছিল।
বিনিয়োগকারীরা বলেন, বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি বড় মার্চেন্ট ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের ঋণ সমন্বয় করার কথা বললে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কাজ করে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাউদ্দিন আহমেদ খান বলেন, মুনাফা তুলে নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে।
বুধবার লেনদেন শুরুর প্রথম দিকে মূল্য সংশোধন শুরু হয়। দিনের মধ্যভাগের আগে বাজার কিছুটা সামলে নিলেও এরপর পতন শুরু হয়। এই মন্দা দিনের শেষ পর্যন্ত বজায় ছিল। বীমা খাতের শেয়ার ছাড়া অন্যসব শেয়ারের দরপতন ঘটে।
বাজার বিশ্লেষক মইন আল কাশেম বলেন, "শেয়ারের এই মূল্য সংশোধন ইতিবাচক ব্যাপার। গ্রহণযোগ্য কারণ ছাড়া অনেক শেয়ারের যেভাবে দাম বেড়েছে তা ভাল লক্ষণ নয়।"
এ দিন প্রধান ডিজিইএন বা শেয়ারের সাধারণ মূল্য সূচক ৬১ দশমিক ৩৯ পয়েন্ট বা ২ দশমিক ১৩ শতাংশ কমে ২৮০৯ দশমিক ৭১ পয়েন্ট হয়।
ডিএসআই বা শেয়ারের সার্বিক মূল্য সূচক ৬৬ দশমিক ২৬ পয়েন্ট বা ২ দশমিক ৭ শতাংশ কমে ২৩৮১ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৪৩ দশমিক ৭৫ পয়েন্ট বা এক দশমিক ৯৯ শতাংশ কমে হয়েছে ২১৫২ দশমিক ১৪ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৫২ কোটি টাকার ২ কোটি ৭ লাখ ৫৯ হাজার ৫৩৯ টি শেয়ার লেনদেন হয়। ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
এইমস-এর প্রধান নির্বাহী ইয়াওয়ার সাঈদ বলেন, শেয়ারের লেনদেনের ধরন দেখেই বোঝা যাচ্ছে খুচরা বিনিয়োগকারীরা মুনাফা তুলে নেওয়ায় ব্যস্ত ছিল।
লেনদেনে শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকসহ প্রায় সব ব্যাংকের শেয়ারের দাম কমেছে। ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৩ দশমিক শূন্য ৪ শতাংশ কমে ১৪৮৬ টাকা ৭৫ পয়সা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৪৫ শতাংশ কমে ৯৪৪ টাকা ৭৫ পয়সা হয়েছে। এবি ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক শূন্য ৩ শতাংশ কমে হয় ৩০৫২ টাকা ৭৫ পয়সা।
জ্বালানি খাতে শীর্ষস্থানে থাকা সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক শূন্য ৮ শতাংশ কমে ১৬৪৩ টাকা ৫০ পয়সা হয়েছে। ডেসকোর শেয়ারের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ১৩২৩ টাকা হয়।
এছাড়া এইমস ফার্স্টের মিউচুয়াল ফান্ড আর স্কয়ার ফার্মার শেয়ারের দামও কমেছে।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব শেয়ার সূচক ছিল নিুমুখী। এই বাজারে ৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে ৩১টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৭ টি শেয়ারের।
সিএসইতে ৩৮ কোটি ৪৮ লাখ টাকার ৩৬ লাখ ৭০ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এমএআর/এমএইচবি/২১০৪ ঘ.
bdnews24