ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)- শেয়ার কেনাবেচায় বিনিয়োগকারীদের অব্যাহত আগ্রহের কারণে মঙ্গলবার টানা চতুর্থ দিনের মতো মাঝবেলাতেই ঢাকার পুঁজি বাজার রেকর্ড গড়েছে। আগের দিনই সর্বকালের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছানোর রেকর্ড গড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক বা ডিজিইএন ইনডেক্স এবং সার্বিক মূল্য সূচক বা ডিএসআই ইনডেক্স আরো ওপরে উঠেছে এদিন।
বেলা ১২টা ২৯ মিনিটে ডিজিইএন মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩২.৯৪ পয়েন্ট বা ১.১৯ শতাংশ বেড়ে হয়েছে ২৭৯৫.৩০।
ডিএসআই সূচক ২৩০০ পয়েন্ট ছাড়িয়ে গেছে। এসময় পর্যন্ত ২৬.০১ পয়েন্ট বা ১.১৩ শতাংশ বেড়ে এই সূচক পৌঁছায় ২৩২২.৯৭ পয়েন্টে।
এ সময় পর্যন্ত ১৪০ কোটি টাকা দামের ৯৩ লক্ষ ৫৯ হাজার ৮শ ৮১টি শেয়ার লেনদেন হয়। বিক্রি হওয়া ১৯৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম ।
লেনদেনের তালিকার সেরা দশে থাকা সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে। বেলা ১২টা ২৯ মিনিট পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ডেসকোর শেয়ারের দাম সোমবারের ১২০১ টাকা থেকে বেড়ে ১২৭৫ টাকা হয়েছে।
দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাক ব্যাংকের শেয়ার ১ হাজার ৪১৭টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ হাজার ৪৪০ টাকা।
এছাড়া সামিট পাওয়ারের শেয়ার ১হাজার ৪৮৫ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে ১ হাজার ৫৩৮ টাকা ৭৫ পয়সা, ট্রাস্ট ব্যাংকের শেয়ার ৮৯৬ টাকা থেকে বেড়ে ৮৯৯ টাকা ২৫ পয়সা এবং এবি ব্যাংকের শেয়ার ৩ হাজার ১৬২ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে ৩ হাজার ২৪০ টাকায় বিক্রি হচ্ছিল এ সময়।
এছাড়া দাম বেড়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ আর প্রাইম ব্যাংকের শেয়ারেরও। স্কয়ার ফার্মা এবং স্কয়ার টেক্সটাইলের কল্যাণে স্কয়ার গ্র"পের শেয়ারের দামও বেড়েছে। গ্রামীন ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ারের প্রতি বিনিযোগকারীদের আগ্রহের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/এসআরডি/এসএইচ/১৫৩৬ ঘ.
bdnews24