ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভালো মুনাফার প্রত্যাশায় বিনিয়োগকারীরা বিদ্যুৎ, ব্যাংক ও মিউচুয়াল ফান্ড খাতের শেয়ার কেনা অব্যহত রাখায় সোমবারও শেয়ার বাজারে সূচকের ঊর্ধ্বগতি বজায় ছিল।
দিনের শুরুতে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৩৭ পয়েন্ট বাড়লেও মধ্যভাগে এসে তা ৪২ পয়েন্ট কমে যায়। তবে দিনের শেষদিকে বাজার আবার চাঙা হয়ে ওঠে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর বলেন, বাজারে যথেষ্ট অর্থের যোগান রয়েছে। নতুন শেয়ার, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানের নতুন শেয়ার ছাড়ার উপযুক্ত সময় এখন।
বাজার সংশ্লিষ্টরা জানান, কয়েকটি ব্যাংক ও কিছু বিনিয়োগকারী অতিরিক্ত তহবিল নিয়ে বাজারে প্রবেশ করায় অর্থের যোগান বেড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি বেসরকারি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক বলেন, ঋণের চাহিদা কম থাকায় অনেক ব্যাংক তাদের অতিরিক্ত তহবিল পুঁজিবাজারে বিনিয়োগ করছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৬ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ বেড়ে ২৭৬২ দশমিক ৩৬ পয়েন্ট হয়।
ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ২৩ দশমিক ৩৩ পয়েন্ট বা এক দশমিক ০২ শতাংশ বেড়ে হয় ২২৯৬ দশমিক ৯৫ পয়েন্ট।
ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ২৯ দশমিক ৫৬ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বেড়ে ২১২৯ দশমিক ১৭ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৪ কোটি টাকার দুই কোটি ৪৫ হাজার ৯২টি শেয়ার লেনদেন হয়। ১৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।
লেনদেনের তালিকার শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ১২ শতাংশ বেড়ে ১৪১৭ টাকা ৭৫ পয়সা হয়েছে।
স্কয়ার ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৫২ টাকা ৫০ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম এক দশমিক ৪৬ শতাংশ বেড়ে ১৪৮৫ টাকা ২৫ পয়সা হয়। ডেসকো'র শেয়ার ৩ দশমিক ৯১ শতাংশ বেড়ে ১২০১ টাকা হয়।
ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮৯৬ টাকায় ওঠে। লভ্যাংশ তুলে নেওয়ায় এবি ব্যাংকের শেয়ার এক দশমিক ১১ শতাংশ কমে ৩১৬২ টাকা ৫০ পয়সা হয়।
এছাড়া প্রাইম ব্যাংক, স্কয়ার টেক্সটাইল, ইউসিবিএল ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এসকে/২২৩২ঘ.
bdnews24