২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঝবেলাতেই পুঁজিবাজারে মূল্যসূচকে রেকর্ড

মাঝ বেলাতেই ডিজিইএন ও ডিএসআই মূল্যসূচকের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছে ঢাকার পুঁজিবাজার রেকর্ড গড়েছে। মূলত ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের ওপর ভর করে মাঝ দিনে বাজার চাঙা হয়ে ওঠে। সোমবার দিনের শুরুতে লেনদেন বাড়তে থাকলেও কিছু সময়ের মধ্যেই লেনদেন কমতে শুরু করে। তবে মাঝবেলায় এসে লেনদেনের দিকে বিনিয়োগকারীদের আগ্রহে বাজার আবারো তার স্বাভাবিক গতি ফিরে পায়। আর এতে অনুঘটকের কাজ করে ব্র্যাক ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2007, 07:24 AM

Updated : 26 Aug 2022, 08:45 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মাঝ বেলাতেই ডিজিইএন ও ডিএসআই মূল্যসূচকের সর্বোচ্চ পয়েন্টে পৌঁছে ঢাকার পুঁজিবাজার রেকর্ড গড়েছে। মূলত ব্যাংক ও ওষুধ কোম্পানির শেয়ার লেনদেনের ওপর ভর করে মাঝ দিনে বাজার চাঙা হয়ে ওঠে। সোমবার দিনের শুরুতে লেনদেন বাড়তে থাকলেও কিছু সময়ের মধ্যেই লেনদেন কমতে শুরু করে। তবে মাঝবেলায় এসে লেনদেনের দিকে বিনিয়োগকারীদের আগ্রহে বাজার আবারো তার স্বাভাবিক গতি ফিরে পায়। আর এতে অনুঘটকের কাজ করে ব্র্যাক ব্যাংক। এ সময় পর্যন্ত লেনদেনে তাই ব্র্যাক ব্যাংকই ছিল শীর্ষে। দিনের মধ্যভাগ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিজিইএন বা সাধারণ মূল্যসূছক ১৬ দশমিক ৬৭ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ বেড়ে এ যাবৎকালের সর্বোচ্চ পয়েন্ট দুই হাজার ৭৫২ দশমিক ৬১ পয়েন্টের ঘরে অবস্থান করছে। অন্যদিকে ডিএসআই বা সার্বিক মূল্যসূচক ১৭ দশমিক ১১ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে দুই হাজার ২৯০ দশমিক ৭২ পয়েন্ট হয়েছে। এ সময়ের মধ্যে মোট ১৫৫ কোটি টাকা সমমূল্যের ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৫২১টি শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনকৃত ১৮০টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৭টির, কমেছে ৬৬টির এবং ১৭টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বেলা ১২টা ৮মিনিট পর্যন্ত বাজারে লেনদেনের শীর্ষে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম এক হাজার ৩৮৮ টাকা ২৫ পয়সা থেকে বেড়ে এক হাজার ৪১৮ টাকা হয়েছে। এ ছাড়া শেয়ার কেনার দিকে ক্রেতাদের ঝোঁকের কারণে দাম বেড়েছে স্কয়ার ফার্মার শেয়ারও। এ কোম্পানির শেয়ার তিন হাজার ৪১৮ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে তিন হাজার ৫৬৫ টাকা হয়েছে। অন্যদিকে ৮১২ টাকা ৭৫ পয়সা থেকে বেড়ে ৮৩২ টাকা হয়েছে প্রাইম ব্যাংকের শেয়ারের দাম। তিন হাজার ১৯৮ টাকা থেকে কমে তিন হাজার ১৮৯ টাকা হয়েছে এবি ব্যাংকের প্রতি শেয়ারের দাম। এ ছাড়া, দ্বিতীয় দিনের মতো দাম বেড়ে এক হাজার ৪৬৩ টাকা ৭৫ পয়সা থেকে এক হাজার ৪৭৭ টাকা ৫০ পয়সা হয়েছে সামিট পাওয়ারের শেয়ার। মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় লেনদেনের শীর্ষে থাকা ট্রাস্ট ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স এর শেয়ারের দাম কিছুটা পড়ে গেছে। তবে ইউসিবিএল এর শেয়ারের দাম বেড়ে এখন সর্বোচ্চ এবং ডেসকো ও স্কয়ার টেক্সটাইল এর শেয়ারের দামও বেড়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/এএল/জিএনএ/১৩০০ ঘ.