২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আবারও রেকর্ড

শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের কারণে রোববার প্রথমবারের মতো ডিজিইন বা সাধারণ শেয়ার সূচক ২৭০০ পয়েন্ট সীমা অতিক্রম করেছে। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচকও রেকর্ড উচ্চতায় পৌঁছায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের অতিরিক্ত আগ্রহের কারণে রোববার প্রথমবারের মতো ডিজিইন বা সাধারণ শেয়ার সূচক ২৭০০ পয়েন্ট সীমা অতিক্রম করেছে। এছাড়া ডিএসআই বা সার্বিক শেয়ার সূচকও রেকর্ড উচ্চতায় পৌঁছায়। সাধারণ শেয়ারসূচক ৬৩ দশমিক ৭৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৮ শতাংশ বেড়ে রেকর্ড ২৭৩৫ দশমিক ৯৪ পয়েন্টে পৌঁছায়। ১ অক্টোবরের ২৬২৭ পয়েন্ট থেকে গত ছয়দিনে সূচক ১০০ পয়েন্টেরও বেশি বেড়েছে। বীমা খাত ছাড়া অন্যান্য সব খাতের শেয়ারের দাম বাড়ায় প্রাইস-আর্নিং (পিই) হার গত সপ্তাহের ২০ থেকে বেড়ে ২১ হয়েছে। প্রাইস-আর্নিং (পিই) হার হলো একটি প্রতিষ্ঠানের শেয়ারের দামের বিপরীতে শেয়ারপ্রতি আয়। উচ্চ পিই হার নির্দেশ করে যে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যতে উচ্চ আয় প্রবৃদ্ধির আশা করছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সালাহ উদ্দিন আহমেদ খান বলেন, "বিনিয়োগকারীদের অতিরিক্ত আশাবাদী না হতে অনুরোধ করছি আমি। তাদের মনে রাখা উচিত বাজারে বাজারে উত্থান পতন দুটোই ঘটে থাকে। তাদের সতর্ক থাকা উচিত।" রোববার ডিএসআই বা সার্বিক শেয়ার সূচকও ৫৩ দশমিক ৮৬ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে রেকর্ড ২২৭৩ পয়েন্ট হয়েছে। ডিএসই-২০ ব্লু চিপ শেয়ার সূচক ৪২ দশমিক ৮৩ পয়েন্ট বা ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে হয়েছে ২০৯৯.৬১। ঢাকা স্টক এক্সচেঞ্জে ২৩২ কোটি টাকার ২ কোটি ১২ লাখ ২৪ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে দাম বেড়েছে ১৫৯টি প্রতিষ্ঠানের, কমেছে ৩৭ টির এবং ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান ইয়াওয়ের সাইদ বলেন, "ঈদের বন্ধ শুরু হওয়ার আগে এটা অপ্রত্যাশিত একটি ঘটনা।" বাজার সংশ্লিষ্টরা জানান, কিছু বিনিয়োগকারী উচ্চমূল্যের শেয়ারেও অতিরিক্ত অর্থ বিনিয়োগ করছেন। বিনিয়োগের বিকল্প কম থাকায় অনেক বিনিয়োগকারীই শেয়ার বাজারে বিনিয়োগ করছেন। লেনদেনের তালিকার সেরা দশে থাকা সবগুলো প্রতিষ্ঠানের শেয়ারের দামই বেড়েছে। প্রায় এক সপ্তাহ পর লেনদেনের শীর্ষে ফেরা ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম ৪ দশমিক ২৪ শতাংশ বেড়ে ১৩৮৮ টাকা ২৫ পয়সা হয়েছে। ট্রাস্ট ব্যাংকের শেয়ার ৪ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ৮৯১ টাকা ৭৫ পয়সা হয়। এবি ব্যাংকের শেয়ারের দাম ৯ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ৩১৯৮ টাকায় পৌঁছায়। প্রতিষ্ঠানটির শেয়ারের এটাই সর্বোচ্চ দাম। সামিট পাওয়ারের শেয়ারের দাম ২ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৪৬৩ টাকা ৭৫ পয়সা এবং ইউসিবিএল এর শেয়ারের দাম ৬ দশমিক ৭১ শতাংশ বেড়ে রেকর্ড ৫০৪৩ টাকা ২৫ পয়সা হয়েছে। এছাড়া ডিএসইতে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীন ১ মিউচুয়াল ফান্ড, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ ও সাউথ ইস্ট ব্যাংক এর শেয়ারের দামও বেড়েছে। রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব শেয়ার সূচকও রেকর্ড সীমায় পৌঁছায়। সিএসইতে ৩৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকার ২৪ লাখ ৭৯ হাজার ৮০০টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২০টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসপি/টিএইচ/এমএ/১৯২৫ঘ.